
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ৪ জন। এবার আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া! কেন? উত্তর নেই। শোকের ছায়া জামশেদপুরে। হতবাক সকলেই।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম দিব্যাংশু পান্ডে। জামশেদপুরের মানিপাল টাটা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। বাড়ি, বিহারের সমস্তিপুরে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী দিব্যাংশু সকলেরই প্রিয়পাত্র ছিলেন। বৃহস্পতিবার রাতেই সেই দিব্যাংশু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। গভীর রাতে মৃত্য়ু হয় ওই ডাক্তারি পড়ুয়ার।
পরিবার সূত্রে খবর, বাবা নেই। ভাইয়ে পড়াশোনার খরচ চালাতেন দিব্যাংশুর দাদা সুধাংশু। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় তাঁর হাতেই। সুধাংশু বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্য়ায়ও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি’। তাহলে কেন আত্মহত্য়া? তদন্তে পুলিস।
(Feed Source: zeenews.com)
