
বছর ধরে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত এক কিলোমিটার চৌকিগ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা, যাতায়াতের অযোগ্য এই রাস্তা অবশেষে গতবছর সারানো হয়। তারপর একটু স্বস্তি ফিরে ছিল স্থানীয়দের
ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ
ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বছর ঘুরতে না ঘুরতেই পথশ্রী প্রকল্পে প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি রাস্তার বেহাল দশা। ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় জেরবার স্থানীয় বাসিন্দারা। পথ চলতি সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছে।
এক বছর আগে ১৬ লক্ষ ৩৪ হাজার ৬৩০ টাকা ব্যায়ে পথশ্রী প্রকল্পে এই এক কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের বেহাল অবস্থা। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সঠিকভাবে কাজ করেনি বলেই বছর ঘুরতে না ঘুরতে গোটা রাস্তা খারাপ হয়ে গিয়েছে। একই অভিযোগ করেছেন, মুর্শিদাবাদের ১ নম্বর জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন।
জানা গিয়েছে, বহু বছর ধরে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত এক কিলোমিটার চৌকিগ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা, যাতায়াতের অযোগ্য এই রাস্তা অবশেষে গতবছর সারানো হয়। তারপর একটু স্বস্তি ফিরে ছিল স্থানীয়দের। এই রাস্তা ধরে স্থানীয় বাসিন্দারা, স্কুলের পড়ুয়ারা, রুগিদের বেনিয়াগ্রাম হাসপাতাল চিকিৎসার জন্য যাতায়াত করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা। গত ১৮ নভেম্বর ২০২৩ সালে হতশ্রী প্রকল্পে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। শেষ হয় ০৯ জানুয়ারি ২০২৪ সালে। কিন্তু তার এক বছর হতে না হতেই আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।
ফলে ফের সমস্যার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল পড়ুয়া থেকেই শুরু করে অ্যাম্বুলেন্স চালক সকলেই। জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন জানান, বিভিন্ন গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা-ঘাটের উন্নয়নের কাজ করা হয়েছে। কিন্তু ঠিকাদার সংস্থা সঠিকভাবে কাজ না করাতেই আজ এই অবস্থা হয়েছে। এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
(Feed Source: news18.com)
