‘মানুষের জীবনের কোনও মূল্য নেই’,ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজন ঘিরে ক্ষোভ উগরে দিলেন মনোজ তিওয়ারি

‘মানুষের জীবনের কোনও মূল্য নেই’,ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজন ঘিরে ক্ষোভ উগরে দিলেন মনোজ তিওয়ারি

কলকাতা: এশিয়া কাপে (Asia Cup 2025) ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হবে। কেন্দ্রীয় মন্ত্রকও টিম ইন্ডিয়াকে এই ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও যেন বিতর্ক থামছে না। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ভারতের এই ম্যাচ খেলা নিয়ে হতাশা প্রকাশ করলেন।

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর থেকে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে। সবরকম আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় ক্রিকেট ম্যাচ আয়োজনের যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকাতেই যোগ দিলেন মনোজ তিওয়ারিও। এএনআইকে-কে দেওয়া সাক্ষাৎকারে মনোদ তিওয়ারি জানান খেলাধূলার থেকে নিঃসন্দেহেই কোনও মানুষের জীবনের মূল্য অনেক বেশি।

তিনি বলেন, ‘এই ম্যাচটা হচ্ছে দেখে আমি সত্যি বলতে বেশ বিস্মিত। পহেলগাঁওয়ে নিরপরাধ মানুষদের হত্যা এবং তারপর যে যুদ্ধটা হয়েছিল, সেই সময় শোনা যাচ্ছিল আমরা নাকি ওদের যথাযোগ্য জবাব দেব। তার কিছু মাস পরেই সবাই সবকিছু যেন ভুলে গিয়েছে। এই ম্যাচটা যে হবে, মানুষের জীবনের যে কোনও মূল্য নেই, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ওরা কী অর্জন করতে চাইছে? মানুষের জীবনের মূল্য যে কোনও খেলার থেকে সবসময়ই বেশি। আমি তো কোনওভাবেই ওই ম্যাচটা দেখব না, কোনও প্রশ্নই আসছে না।’

এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ১০ সেপ্টেম্বর নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমারের দল। তবে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

২০১২-১৩ থেকে দু’টো প্রতিবেশী দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। দুই দেশের রাজনৈতিক, সামাজিক অচলাবস্তার জন্য়ই খেলা বন্ধ রয়েছে। তার মধ্যে গত পহেলগাঁও জঙ্গি হামলার পর সমীকরণ আরও বদলে গিয়েছে। মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। তবে এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে শুধু। এই ঘোষণার পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেছিলেন এবার হয়তো এই ম্যাচ নিয়ে সমালোচকরা মুখ বন্ধ করবেন। তবে তা যে হচ্ছে না, সেটা মনোজ তিওয়ারির মন্তব্য থেকেই সাফ হয়ে গেল।

(Feed Source: abplive.com)