এশিয়া কাপে খেলবেন না, আচমকা লর্ডসে হাজির কোহলি, কী করছেন কিংবদন্তি?

এশিয়া কাপে খেলবেন না, আচমকা লর্ডসে হাজির কোহলি, কী করছেন কিংবদন্তি?

লন্ডন: গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন তিনি। পরে আইপিএল চলাকালীন সকলকে হতবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ওয়ান ডে ক্রিকেট খেলে যাবেন, জানিয়েছেন কিংগ কোহলি। লক্ষ্য, ২০২৭ সালের বিশ্বকাপ। যে বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করাকেই পাখির চোখ করছেন কোহলি।

আর সেই লক্ষ্যপূরণের প্রস্তুতি বিলেতের মাটি থেকেই শুরু করে দিলেন বিরাট। ক্রিকেটের পীঠস্থান হিসাবে পরিচিত লর্ডসে নেমে পড়লেন কিংগ কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে সদ্য় দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। আপাতত এশিয়া কাপ খেলার প্রস্তুতি চলছে। যে টুর্নামেন্ট টি-২০ ফর্ম্যাটে খেলা হবে এবং বিরাটকে তাই এশিয়া কাপে দেখা যাবে না। ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ বলতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চাশ ওভারের যুদ্ধ। সেই সিরিজের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিলেন বিরাট। আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। বিরাটকে শেষবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে আইপিএলে। দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে যে টুর্নামেন্টে প্রথমবারের জন্য ট্রফি জেতার স্বাদ পেয়েছিলেন কোহলি। তবে নিজেকে বাইশ গজের বাইরে রাখতে চান না কোহলি। যে কারণে লর্ডস স্টেডিয়ামের ট্রেনিং সেন্টারে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ১৯ অক্টোবর পারথে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। যদিও সেই সিরিজের আগে রোহিত শর্মা ও কোহলির অবসর নিয়ে জোর জল্পনা চলছে। অনেকে বলাবলি করছিলেন, সেই সিরিজে খেলেই দুজনকে অবসর নিতে বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। জানিয়েছে, দুই তারকাকে অবসর নিতে বলার মতো তাড়াহুড়ো করার পথে মোটেও হাঁটা হচ্ছে না।

যদিও ওয়ান ডে বিশ্বকাপ এখনও ২ বছর দেরি। ২০২৭ সালে। কোহলি ও রোহিত আরও ২ বছর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিবিড় প্রস্তুতি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে কোনও কোনও মহলে প্রশ্ন রয়েছে। কোহলি ফিটনেসের দিক থেকে কোনও আপোস করতে নারাজ। আইপিএলে রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন। তবে কোহলি আইপিএলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না বলে জানিয়ে দিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার স্বস্তিক চিকারাও জানিয়েছেন যে, কোহলি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নয়, পূর্ণ সময়ের জন্যই মাঠে থাকতে চান।

(Feed Source: abplive.com)