‘দলের স্তম্ভ’ পূজারার অবসরে আবেগঘন সচিন, চেতেশ্বরকে কুর্নিশ জানালেন বুমরা, শাস্ত্রী, গম্ভীররাও

‘দলের স্তম্ভ’ পূজারার অবসরে আবেগঘন সচিন, চেতেশ্বরকে কুর্নিশ জানালেন বুমরা, শাস্ত্রী, গম্ভীররাও

নয়াদিল্লি: বিগত দেড় দশকে ভারতীয় ক্রিকেটের টেস্টে সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ানরা তাঁর ধৈর্য্য ও ব্যাটিংয়ে একদিকে বিরক্ত এবং একদিকে মুগ্ধ ছিলেন। সেই চেতেশ্বর পূজারাই (Cheteshwar Pujara) রবিবার, ২৪ অগাস্ট সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন। বিরাট কোহলি, আর অশ্বিন, রোহিত শর্মার পর কয়েকদিনের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের আরও এক বড় নাম বিদায় জানালেন।

সাম্প্রতিক সময়ের সেরা খেলোয়াড়দের অন্যতম পূজারা। তাঁর অবসরে শুভেচ্ছাবার্তা ভেসে আসাটাই স্বাভাবিক। পূজারাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী, যশপ্রীত বুমরারা। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তিন নম্বরে তোমায় ব্যাট করতে নামতে দেখাটা সবসময়ই আশ্বাসের। শান্ত স্বভাব, সাহস এবং তোমার টেস্ট ক্রিকেটের প্রতি ভালবাসাটা সবসময়ই প্রকাশ পেত। তোমার জমাট টেকনিক, ধৈর্য্য এবং চাপের মুখে ঠান্ডা মাথাটা দলের স্তম্ভ।’

সচিন আরও যোগ করেন, ‘সবকিছুর মধ্যে তোমার ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সিরিজ় জয় সবথেকে এগিয়ে থাকবে। তোমার দৃঢ় মানসিকতা ও রান ছাড়া ওই সিরিজ় জয়টা সম্ভব হত না। দারুণ এক কেরিয়ারের জন্য তোমায় অনেক অভিনন্দন। পরবর্তী অধ্য়ায়ের জন্য শুভেচ্ছা। দ্বিতীয় ইনিংসটা উপভোগ কর।’

গৌতম গম্ভীর লেখেন, ‘ঝড়ের মাঝে ও সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। যখন সকলে আশাহত হয়ে পড়ত, তখন ও লড়াই করত। অভিনন্দন পূজি।’

চেতেশ্বর পূজারার অবসরে শাস্ত্রী লেখেন, ‘আসল যোদ্ধা। তুমি আমার কোচ থাকাকালীন টানা পাঁচ বছর ভারতের এক নম্বর হওয়া এবং অস্ট্রেলিয়ায় নাগাড়ে দুই সিরিজ় জয়ের অন্যতম প্রধান নায়ক ছিল। ভাল খেলেছো পূজি।’

(Feed Source: abplive.com)