CT scan death: কিডনিতে পাথরে সিটি স্ক্যানের পরই মারাত্মক অ্যালার্জি! শক! ২৪ ঘণ্টার মধ্যে মর্মান্তিক মৃ*ত্যু ২২-এর তরুণীর…

CT scan death: কিডনিতে পাথরে সিটি স্ক্যানের পরই মারাত্মক অ্যালার্জি! শক! ২৪ ঘণ্টার মধ্যে মর্মান্তিক মৃ*ত্যু ২২-এর তরুণীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেগুলার চেকআপের সময় রুটিন স্ক্যান (CT Scan) করতে বলেছিলেন ডাক্তার। সেইসমতো স্ক্যান করান তরুণী। কিন্তু সেই সিটি স্ক্যান-ই তাঁকে ঠেলে দিল মৃত্যুমুখে। সিটি স্ক্যান করার একদিন পরই মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়ায় (allergic reaction) মর্মান্তিক মৃত্যু হল মাত্র ২২-এর ওই তরুণীর।

ব্রাজিলের বাসিন্দা ২২ বছরের লেটিসিয়া পলের, পেশায় আইনজীবী, কিডনিতে পাথর ছিল। ২০ অগাস্ট রিও দো সুলের আল্টো ভ্যাল রিজিওনাল হাসপাতালে তিনি কনট্রাস্ট সিটি স্ক্যান (Contrast CT scan) করান। যে কনট্রাস্ট সিটি স্ক্যানে ব্যবহার করা হয় এজেন্ট। জানা গিয়েছে, ওই সিটি স্ক্যান প্রক্রিয়া চলাকালীন-ই তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় সারা শরীরে। যার ফলে ওই তরুণীর শরীরে অ্যানাফিল্যাকটিক শক দেখা যায়। সঙ্গে সঙ্গেই ওই তরুণীর ইনটিউবেশন করা হয়। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি মারা যান।

অ্যানাফিল্যাকটিক শক কী? (anaphylactic shock)
অ্যানাফিল্যাকটিক শককে অ্যানাফিল্যাক্সিসও বলা হয়। এটি একটি গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া। যা হঠাৎ করেই দেখা দেয়। আর খুব দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। দেখা দেয়, প্রাণ সংশয়ের ঝুঁকি। এখন কনট্রাস্ট সিটি স্ক্যানে ব্যবহার করা হয় এজেন্ট। যা থেকে প্রতিক্রিয়ায় শরীরে হিস্টামিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। যার ফলে শরীরের রক্তনালীগুলি প্রশস্ত হয়ে যায়। ওদিকে শ্বাসনালী শক্ত হয়ে যায়। যে কারণে কারও মনে হয়, তাদের গলা ‘চোকড’ করে দম বন্ধ হয়ে আসছে। শ্বাসকষ্ট শুরু হয়। মাথা ঘুরতে থাকে। অজ্ঞান হয়ে যায় রোগী। যেহেতু রক্তচাপ তীব্রভাবে কমতে থাকে ও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়,সেটাই জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।

কনট্রাস্ট সিটি স্ক্যান… (Contrast CT scan)
এখন কনট্রাস্ট সিটি স্ক্যানে একটি কনট্রাস্ট এজেন্ট, যাকে কনট্রাস্ট ডাই বলা হয়, তা শরীরে ‘ইনজেক্ট’ করা হয়। যারফলে সিটি স্ক্যানের সময় নির্দিষ্ট টিস্যু, রক্তনালী ও অঙ্গগুলিকে সহজে দেখা যায়। এই কনট্রাস্ট ডাই শরীরের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু স্থানকে হাইলাইট করার কাজ করে। যারফলে ডাক্তাররা ব্লকেজ, টিউমার ও অভ্যন্তরীণ রক্তপাতের মতো বিষয়গুলি আরও সঠিকভাবে সনাক্ত করতে পারেন।

কনট্রাস্ট এজেন্ট কী? (Contrast agent)
কনট্রাস্ট এজেন্টগুলি সাধারণত আয়োডিন-ভিত্তিক হয়। স্ক্যানের ধরণের উপর নির্ভর করে শিরায় ইনজেকশনের মাধ্যমে তা শরীরে প্রয়োগ করা হয়। সাধারণত এই কনট্রাস্ট এজেন্ট বা ডাইয়ের ফলে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ায় চুলকানি থেকে শুরু করে অ্যানাফিল্যাক্সিসের মতো গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে কারণে শ্বাস নিতে অসুবিধা হয় ও রক্তচাপের বিপজ্জনকভাবে হ্রাস পায়।

(Feed Source: zeenews.com)