
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোনের প্রেমিকের সঙ্গে মায়ের ‘ঘনিষ্ঠ‘ সম্পর্ক! আর সেকথা জানার পরই ২১ বছর বয়সী যুবক খুন করল বোনের প্রেমিককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে। নিহতের নাম নীতিন প্রেমজি সোলাঙ্কি।
নিহত নীতিন প্রেমজি সোলাঙ্কির বয়স ৪০ বছর। একটি বেসরকারি হাসপাতালের বয়সী ওয়ার্ড বয় ছিলেন তিনি। অভিযোগ, গত তিন বছর ধরে অভিযুক্তের ২৪ বছর বয়সী বোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে নীতিন আবার অভিযুক্ত যুবকের বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। দাবি করেন যে, তিনি তাঁকে বিয়ে করতে চান।
ওদিকে অভিযুক্ত যুবক, যে পেশায় একজন কোরিওগ্রাফার, তিনি জানতে পারেন নীতিন প্রেমজি সোলাঙ্কির সঙ্গে তাঁর মায়েরও সম্পর্ক ছিল। কিন্তু তিনি তাঁর মাকে বিয়ে করতে অস্বীকার করেন। এখন আবার তার বোনকে বিয়ে করতে চাইছেন। এই নিয়ে সোলাঙ্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয় অভিযুক্ত যুবকের। এরপরই ওই যুবক বোনের প্রেমিক নীতিন প্রেমজি সোলাঙ্কিকে খুনের পরিকল্পনা করেন।
পুলিস জানিয়েছে, শনিবার রাতে বোনের সঙ্গে বিয়ে দেওয়ার অজুহাতে, অভিযুক্ত সোলাঙ্কির সঙ্গে তাঁর যোগেশ্বরীর বাড়িতে দেখা করে। সেখানে বসে তাঁরা মদ্যপান করেন। মদ্যপানের পর, অভিযুক্ত সোলাঙ্কিকে মালাডের মালওয়ানির মার্ভে রোডের কোলিওয়াড়া এলাকায় কৃষ্ণ আশ্রমের কাছে একটি ঘরে নিয়ে যায়। তারপর সেখানে বাঁশের খুঁটি দিয়ে বার বার সোলাঙ্কির মাথায় আঘাত করে। যতক্ষণ না নিশ্চিত হয় যে, সোলাঙ্কি মারা গেছেন।
এরপর অভিযুক্ত নিজেই মালওয়ানি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তারপরই পুলিস ঘটনাস্থলে পৌঁছে সোলাঙ্কির মৃতদেহ হেফাজতে নেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওদিকে অভিযুক্তকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানো হয়েছে।
(Feed Source: zeenews.com)
