আউট হয়ে যাওয়া প্রতিপক্ষ ব্যাটারকে মাঠে ফিরিয়ে চমক সূর্যকুমারের, হৃদয় জিতলেন অধিনায়ক

আউট হয়ে যাওয়া প্রতিপক্ষ ব্যাটারকে মাঠে ফিরিয়ে চমক সূর্যকুমারের, হৃদয় জিতলেন অধিনায়ক

দুবাই: প্রতিপক্ষ ব্যাটার আউট। তৃতীয় আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ব্যাটসম্যান ড্রেসিংরুমের দিকে হাঁটা দিলেন বলে। অথচ তাঁকে কি না ফিরিয়ে নিলেন ফিল্ডিং দলের অধিনায়ক!

এমনই কাণ্ড ঘটে গেল এশিয়া কাপে। বুধবার ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচে। শিবম দুবের বলে সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটার জুনেইদ সিদ্দিকি স্টাম্পড হয়ে যাওয়ার পরেও তাঁকে ফিরিয়ে নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। ভারত অধিনায়কের মানসিকতায় প্রশংসায় পঞ্চমুখ সকলে। সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারকে নিয়ে ধন্য ধন্য করা শুরু হয়েছে। বলা হচ্ছে, স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দেওয়া উচিত ভারত অধিনায়ককে।

ঠিক কী হয়েছে?

ঘটনাটি সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের ১৩তম ওভারের। বল করছিলেন শিবম দুবে। যিনি মিডিয়াম পেসার অলরাউন্ডার হিসাবে বুধবারের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। ভারতীয় শিবির থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, দুবাইয়ের ঘাস থাকা পিচে শিবমের মিডিয়াম পেস বোলিং ব্যবহার করা হবে। তিন উইকেট তুলে নিয়ে টিম ম্যানেজমেন্টের আস্থার মূল্যও দিলেন শিবম।

শিবমের বলে পরাস্ত হন জুনেইদ সিদ্দিকি। তবে কিছুটা অন্যমনস্কভাবে তিনি ক্রিজের বাইরে চলে যান। তিনি আম্পায়ারকে কিছু একটা দেখাতে চাইছিলেন। পরে বোঝা যায়, বোলিং রান আপ ধরে এগনোর সময় শিবমের কোমরে গুঁজে রাখা নীল রংয়ের তোয়ালে পড়ে যায় মাটিতে। সেটা দেখে তিনি মনঃসংযোগ হারিয়েছিলেন বলে আম্পায়ারকে জানাতে চাইছিলেন জুনেইদ।

তবে সেই ফাঁকে উইকেটকিপার সঞ্জু স্যামসন তাঁর স্টাম্প ভেঙে দেন। স্টাম্পিংয়ের আবেদন করা হয়। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানান যে, বল স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরে ছিলেন জুনেইদ। তৃতীয় আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। মাঠের ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিনে আউট লেখা ভেসে ওঠে।

(Feed Source: abplive.com)