Bangkok Zoo Horror: ভয়াবহ চিড়িয়াখানা! দুই সিংহ মিলে দর্শকদের সামনেই কামড়ে-ছিঁড়ে নৃশংস ভাবে মেরে ফেলল জু়কর্মীকে! মাত্র ১৫ মিনিটেই…

Bangkok Zoo Horror: ভয়াবহ চিড়িয়াখানা! দুই সিংহ মিলে দর্শকদের সামনেই কামড়ে-ছিঁড়ে নৃশংস ভাবে মেরে ফেলল জু়কর্মীকে! মাত্র ১৫ মিনিটেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাংককের চিড়িয়াখানায় ঘটল ভয়াবহ ঘটনা (Bangkok Zoo Horror)। দর্শনার্থীদের সামনেই সিংহের আক্রমণে প্রাণ গেল চিড়িয়াখানার কর্মীর। খুব স্বাভাবিক ভাবেই চিড়িয়াখানার নিরাপত্তাব্যবস্থা প্রশ্নের মুখে। ব্যাংককের এক চিড়িয়াখানায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় দুটি সিংহ তাদের খাঁচার ভিতরে আসা চিড়িয়াখানার এক কর্মীকে দর্শনার্থীদের সামনেই আক্রমণ করে মেরে ফেলে (Lions Maul Zookeeper To Death)।

দুই সিংহ মিলে মারণ আক্রমণ

ব্যাংককের চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্যাংককের এক জনপ্রিয় চিড়িয়াখানায়। নিহত ব্যক্তি একজন অভিজ্ঞ চিড়িয়াখানাকর্মী ছিলেন। যিনি নিয়মিত সিংহের খাঁচা পরিষ্কার করতেন এবং তাদের খাবার দেওয়ার কাজ করতেন। দুর্ঘটনার দিনে তিনি যখন খাঁচার ভিতরে কাজ করছিলেন তখন একটি পুরুষ ও একটি স্ত্রী সিংহ তাঁকে আক্রমণ করে। দর্শনার্থীরা দূর থেকে এই দৃশ্য দেখতে পান এবং সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার অন্যান্য কর্মীরা ছুটে আসেন। সিংহ দুটিকে খাঁচার অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেক চেষ্টার পরে সিংহ দুটিকে আলাদা করা সম্ভব হলেও, ততক্ষণে আক্রান্ত এই কর্মী গুরুতর আহত হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কেন বিপজ্জ্নক প্রাণীর খাঁচায় একা?

এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা কঠোর সমালোচনার মুখে পড়েছে। দর্শনার্থী এবং পশু অধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, কেন একজন কর্মীকে সিংহের মতো হিংস্র প্রাণীর খাঁচায় একা কাজ করতে দেওয়া হয়েছিল? চিড়িয়াখানার নিয়মানুসারে, এই ধরনের বিপজ্জনক প্রাণীর খাঁচার ভেতর কাজ করার সময়ে একজন অতিরিক্ত কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক, যাতে জরুরি পরিস্থিতিতে সাহায্য করা যায়। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। না মানা হলে, কেন হয়নি, সেটাও তদন্তসাপেক্ষ।

হিংস্র প্রাণীর মুড সুইং

তবে, এটিই প্রথম নয় যে, চিড়িয়াখানার প্রাণীর আক্রমণে কোনো চিড়িয়াখানা কর্মীর মৃত্যু হয়েছে। বিশ্ব জুড়ে এমন অনেক ঘটনা বহুবার ঘটেছে, যেখানে চিড়িয়াখানার কর্মী বা প্রশিক্ষকরা হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েছেন। এসব ঘটনা বারবার চিড়িয়াখানার নিরাপত্তা প্রোটোকল এবং কর্মীদের প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন তুলে দেয়, এবারেও দিচ্ছে। বিশেষজ্ঞেরা বলছেন, চিড়িয়াখানায় প্রাণীর আচরণ সবসময় একইরকম থাকে না, অনেক সময়েই এদের মুড সুইং ঘটে, অপ্রত্যাশিতভাবে এরা হিংস্র হয়ে ওঠে। তাই কর্মীদের সুরক্ষায় আরও উন্নত প্রযুক্তি ও কঠোর নিয়মনীতি প্রণয়ন জরুরি।

তদন্ত, সুরক্ষা

মর্মান্তিক এই ঘটনার পরে ব্যাংকক চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ করা বাঞ্ছনীয়, সবই করা হবে। এই দুর্ঘটনার কারণে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)