অনবদ্য বোলিং, টানা দ্বিতীয় ম্যাচে সেরা হয়েও ‘এখনও অনেক শেখা বাকি’, মনে করছেন কুলদীপ

অনবদ্য বোলিং, টানা দ্বিতীয় ম্যাচে সেরা হয়েও ‘এখনও অনেক শেখা বাকি’, মনে করছেন কুলদীপ

দুবাই: জাতীয় দলে একাদশে বারংবার তিনি ঢুকেছেন, বেরিয়েছেন। তা সত্ত্বেও ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি ষষ্ঠ স্থানে। এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) তো সুযোগ পেয়ে কুলদীপ যাদব প্রতি ম্য়াচ তাঁর দক্ষতা প্রমাণ করছেন। বুঝিয়ে দিচ্ছেন কেন তাঁকে এত উচ্চ দরের প্রতিভা মনে করা হয়।

গত ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে সাত রানের বিনিময়ে চার উইকেট নেওয়ার পর পাকিস্তানে বিরুদ্ধে (IND vs PAK) ১৮ রানে তিন উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। গত ম্যাচের মতোই এই ম্যাচেও তাঁকেই ম্য়াচ সেরার পুরস্কার দেওয়া হয়।এক কথায় স্বপ্নের ফর্মে কুলদীপ। তবে তাঁকে যখন প্রশ্ন করা হয় তিনি কি নিজের সেরা ফর্মে রয়েছেন? কুলদীপ নিজে জানান তাঁর মতে কিন্তু এমনটা নয়।

আত্মসমালোচনায় মগ্ন হয়ে ভারতের তারকা স্পিনার বলেন, ‘আমার এখনও মনে হয় আমায় নিজের বোলিংয়ে আরও অনেক কাজ করতে হবে। অনেক সময়ই বোলিংয়ে আমি একটু বেশি বৈচিত্র আনার চেষ্টা করতে যাই।’ ম্যাচের বোলিংয়ের সময় নিজের পরিকল্পনার বিষয় বলতে গিয়ে কুলদীপ জানান, ‘আমি জিনিসপত্র খুব সহজ রাখার চেষ্টা করি। যে পরিকল্পনা নিয়ে নামি, সেটা বাস্তবায়িত করার লক্ষ্যে থাকি। কে ব্যাট করছে খালি সেটা বুঝেই বোলিং করি। এই ম্য়াচেও পরিকল্পনা তৈরি করে এসেছিলাম এবং সেটা কাজে লাগাতে পেরেছি।’

পরপর দুই বলে দুই নওয়াজকে আউট করেন কুলদীপ। হাসান নওয়াজ আউট হওয়ার পর ক্রিজে নেমে প্রথম বলেই আউট হন মহম্মদ নওয়াজ এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘ব্যাটারের বিরুদ্ধে প্রথম বলটা সবসময়ই উইকেট নেওয়ার মতো বল হয়। সেই মানসিকতা নিয়েই বোলিংটা করতে হয়। কারণ যে নতুন ব্যাটার ক্রিজে আসছে, তাঁকে দ্রুত চাপে ফেলার সেটাই সবথেকে বড় সুযোগ।’

এদিন কুলদীপদের দুরন্ত বোলিংয়ে আটকে যাওয়ার পর পাকিস্তানের হাতে ছিল মাত্র ১২৮ রানের পুঁজি। সেই নিয়ে চেষ্টা চালিয়েছিলেন সঈম আয়ুব। তিনটি উইকেট নেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে কুলদীপ যাদবদের দৌরাত্ম্যের পর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের দাপট। ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ভারত। অধিনায়ক সূর্য ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

(Feed Source: abplive.com)