
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তির কারণে ছুটির (sick leave) আবেদন করেছিলেন। ম্যানেজার চেয়ে পাঠালেন হাসপাতালে ভর্তির রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন। সেইসঙ্গে হাসপাতাল থেকে ছাড়ার তারিখও জমা দিতে বলেন! এমনই আজব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক কর্মচারী।
সাবরেডিট ইন্ডিয়ান ওয়ার্কপ্লেসে ওই কর্মচারী তাঁর এবং তাঁর ম্যানেজারের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথন শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওই কর্মচারী হাসপাতালে ভর্তির কারণে ম্যানেজারের কাছে ছুটির আবেদন করেছেন। ওদিকে ম্যানেজার তাঁকে সহানুভূতি দেখানোর পরিবর্তে, শিফটের আগের দিন বা অন্ততপক্ষে ৩ ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট না দেওয়ার জন্য তিরস্কার করছেন ওই কর্মচারীকে।
ওই কর্মচারীর বুকে সংক্রমণ ধরা পড়েছিল। বমি ও শ্বাসকষ্টের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে ছুটি চাইতে গিয়ে ম্যানেজারের মৌখিক হেনস্থার শিকার হন তিনি। নেটিজেনরা ম্যানেজারের এহেন অ-পেশাদার এবং অবজ্ঞাপূর্ণ আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করেছেন, এই ধরনের আচরণ হয়রানির সমান।
এর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। উচ্চতর কর্তৃপক্ষ বা এইচআর-এর কাছে রিপোর্ট করা উচিত বলেও অনেকে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, কাজের জায়গায় ‘বিষাক্ত’ পরিবেশ (Toxic Work Culture), হেনস্থা নিয়ে আগেও বহু কর্মী মুখ খুলেছেন। সেই তালিকায় এবার নয়া সংযোজন এই ঘটনা।
(Feed Source: news18.com)
