
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে ফের অপারেশন সিঁদুরের হুঁশিয়ারি। গতকাল হায়দরাবাদে এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারত তার লক্ষ্যে স্থির রয়েছে। কোনও দেশই সেই জায়গা থেকে ভারতকে সরাতে পারবে না। পাকিস্তানকে সতর্ক করে রাজনাথ বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ফের জঙ্গি হামলা হলে ফের অপারেশন সিঁদুর হবে।
অপারেশন সিঁদুরে যে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের এক কমান্ডারের মৃত্যু হয়েছে তা স্বীকার করে নিয়েছে পাক নেতারা। ফলে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যে কথা এতদিন বলত তা এবার ফাঁস হয়েছে। হায়দরাবাদ লিবারেশন ডে-এর ওই অনুষ্ঠানে রাজনাথ বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এখন অন্য রূপ ধারন করেছে।
অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, কেউ কেউ বলেছে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি হয়েছে অন্য কারও মধ্যস্থতায়। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, অন্য কারও হস্তক্ষেপে অপারেশন সিঁদুর থামেনি। কেউ ওই লড়াই থামিয়ে দেয়নি। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীও ওই কথা বলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন দুদেশের সংঘর্ষ বিরতি নিতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ হোক তা চায়নি ভারত। অপারেশন সিঁদুর ফের শুরু হবে যদি ফের কোনও জঙ্গি হামলা হয়।
উল্লেখ্য, পহলেগাঁও জঙ্গি হামলার পাল্টা হিসেবে গত ৭ মে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত করে ভারত। মারা যায় একাধিক জঙ্গি ও তাদের নেতারা। প্রায় চার দিন পর সংঘর্ষ বিরতি করতে সম্মত হয় দুদেশ।
(Feed Source: zeenews.com)
