
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মায়ের কোলে করে ঘুমপাড়ানি গান শুনছিল ৩ বছরের মেয়ে। মায়ের মুখে ঘুমপাড়ানি গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিল ৩ বছরের খুদে। আর তারপরই জন্মদাত্রী মা তাকে ছুঁড়ে দিল লেকের জলে। জলে ডুবে মৃত্যু হল ওই শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেড়ে।
জানা গিয়েছে, মা বিবাহ-বিচ্ছিন্না। ৩ বছরের মেয়ে তাঁর প্রথম পক্ষের সন্তান। শিশুটিকে পছন্দ করতেন না ওই মহিলার প্রেমিক। প্রথম পক্ষের ওই কন্যাসন্তানকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করতেন তাঁর লিভ-ইন পার্টনার। সেই কটূক্তি শুনতে শুনতেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। আর সেই থেকেই মেয়েকে খুনের মতো চরম সিদ্ধান্ত নেন। ৩ বছরের মেয়েকে কোলে লেকের ধারে আসেন। ঘুমপাড়ানি গান গাইতে থাকেন। যেই শিশুটি ঘুমিয়ে পড়ে, ওমনি ঘুমন্ত মেয়েকে লেকের জলে ছুঁড়ে ফেলে দেন। তারপর নিজের কুকর্ম আড়াল করতে দাবি করতে থাকেন যে মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে।
শেষে পুলিস সিসিটিভি ফুটেজ দেখে নিখোঁজ রহস্যের সমাধান করে। পুলিস দেখে, অঞ্জলি নামে ওই মহিলা তাঁর মেয়েকে কোলে করে আজমেড়ের আনা সাগর লেকের ধারে ঘুরে বেড়াচ্ছেন। কয়েক ঘণ্টা পর, রাত দেড়টা নাগাদ ওই মহিলাকে একা দেখা যায়। দেখা যায়, তিনি তখন তাঁর মোবাইল ফোনে ব্যস্ত। এরপরই পুলিস লেক থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে। আটক করে মা-কে। শেষে জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করে সন্তানহন্তা অঞ্জলি।
২৮ বছর বয়সী অঞ্জলি উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আজমেড়ে চলে আসেন। সেখানে প্রেমিক অলোকেশের সঙ্গে থাকতে শুরু করেন। অলোকেশ আজমেড়ের একটি হোটেলে কাজ করেন। সেখানেই রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন অঞ্জলিও। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
(Feed Source: zeenews.com)
