
News
oi-Moumita Bhattacharyya
ফের বিতর্কে কমেডিয়ান কপিল শর্মা। এবার তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হল কপিল শর্মার বিরুদ্ধে। জানা গিয়েছে, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে যে চুক্তি তাঁর সঙ্গে হয়েছিল, তা ভঙ্গ করেন কপিল শর্মা। যতগুলো শো তাঁর করার কথা ছিল, তা তিনি করেননি। এমনকি তাঁর বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ উঠেছে। সাই ইউএসএ ইঙ্কের কর্তা অমিত জেটলি কপিল শর্মার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তিনি জানিয়েছেন যে কপিল এই ছয়টি শহরের একটিতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছে এবং ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জেটলি এ প্রসঙ্গে বলেন, ‘কপিল শর্মা পারফর্ম করেননি এবং আমরা আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি।’ নিউইয়র্ক আদালতে এখনও কপিল শর্মার মামলা বিচারাধীন রয়েছে এবং ক্ষতিপূরণ না পেলে তাঁরা কমেডিয়ানের বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেবেন।
এই মুহূর্তে উত্তর আমেরিকা সফরে গিয়েছেন তিনি। ‘দ্য কপিল শর্মা শো’-এর অন্যান্য সদস্য সুমনা চক্রবর্তী, রাজীব ঠাকুর, কিকু সারদা, চন্দন প্রভাকর এবং ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে ‘কপিল শর্মা লাইভ’ শো করছেন সেখানে। প্রসঙ্গত, সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন কপিল শর্মা। যেখানে তাঁকে বিদেশে নানা মজাদার কান্ডকারখানা করতে দেখা যাচ্ছে। আর তাঁর এই মজাদার ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়েছেন নেট নাগরিকরা। আমেরিকার পর কপিল শর্মা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কেও শো করবেন বলে জানা গিয়েছে।
এর আগেও বহুবার কপিল শর্মাকে এ ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। মদ্যপ অবস্থায় বিমানে ওঠার জন্য দীর্ঘদিন পর্যন্ত তাঁর বিমান সফরের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। এছাড়াও কপিল শর্মাকে ঘিরে নানান বিতর্কিত ঘটনা রয়েছে যা তাঁকে একাধিক সময়ে সমস্যার সম্মুখীন করেছে। প্রসঙ্গত, সোনি টিভিতে সম্প্রচার হওয়া কপিল শর্মার শো অত্যন্ত জনপ্রিয়। অভিনেতা-কমেডিয়ান বিদেশের বহু জায়গায় শো করেন।
