
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছত্তিশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court) একটি দম্পতির বিবাহবিচ্ছেদ (Divorce Case) মঞ্জুর করার বিষয়ে পারিবারিক আদালতের (Family Court) সিদ্ধান্ত বহাল রেখেছে। এই মামলায় আদালত দেখেছে অভিযুক্ত স্ত্রী বারবার অপমান করত স্বামীকে। নোংরা কথা, অকথ্য গালাগাল আর সহ্য করতে না পেরে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেন।
আদালত পর্যবেক্ষণ করেছে যে, স্ত্রী তার স্বামীকে বাবা-মায়ের কথা মানার জন্য ‘পালতু চুহা (পোষা ইঁদুর)‘ ( Pet rat) বলে সম্বোধন করত। এটি নিষ্ঠুরতার একটি রূপ হিসাবে বিবেচিত হতে পারে। বিচারপতি রজনী দুবে এবং বিচারপতি অমিত্রেন্দ্র কিশোর প্রসাদের একটি ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছিল এবং ২০১৯ সালে জারি করা পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা স্ত্রীর আবেদনটি খারিজ করে দেয়। আদালত উল্লেখ করে, স্বামীর স্ত্রীর বিরুদ্ধে করা নিষ্ঠুরতা এবং বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ ছিল আদালতের কাছে।
স্ত্রী শুধু স্বামীকে নাম ধরে অপমান করাই নয়, বরং তাকে তাঁর বাবা-মাকে ছেড়ে আলাদাভাবে থাকতেও চাপ দিতেন। গত ৩ সেপ্টেম্বর দেওয়া রায়ে আদালত বলে যে, স্ত্রীর আচরণ ছিল অত্যন্ত খারাপ। স্বামী বাবা-মায়ের কথা শোনার জন্য স্ত্রী তাঁকে ‘পালতু চুহা’ (পোষা ইঁদুর) বলে ডাকত। এটি মানসিক নিষ্ঠুরতার সমতুল্য।
স্বামী আদালতে জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রী তাকে বাবা-মায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করতেন, পরিবারের সঙ্গে থাকতে অস্বীকার করতেন এবং তিনি আলাদা হতে রাজি না হলে আক্রমণাত্মক হয়ে উঠতেন। তিনি আরও দাবি করেন যে, গর্ভাবস্থায় তার স্ত্রী গর্ভপাত ঘটানোর জন্য নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলেন এবং প্রায়শই তাঁর বাবা-মাকে অসম্মান করতেন।
আদালত লক্ষ্য করেন যে, স্বামী তাঁর দাবির সমর্থনে টেক্সট মেসেজ এবং পরিবারের সদস্যদের সাক্ষ্যপ্রমাণ পেশ করেছেন। স্ত্রীর একটি মেসেজে লেখা ছিল: ‘তোমার বাবা-মাকে ছেড়ে দিয়ে আমার সাথে থাকো।’ বিচারকরা মন্তব্য করেন যে, ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে, একজন সঙ্গীকে তার বাবা-মাকে ত্যাগ করতে বাধ্য করা মানসিক নিষ্ঠুরতা সৃষ্টি করে।
তারা আরও উল্লেখ করেন যে, স্ত্রী তাদের দাম্পত্য জীবনের বেশিরভাগ সময় স্বামীর বাড়ি থেকে দূরে ছিলেন, যা পরিত্যাগ বা ‘Desertion’-এর আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যায়। তিনি ২০১১ সালে শুধুমাত্র একবার সংক্ষিপ্ত সময়ের জন্য ফিরে এসেছিলেন।
স্ত্রী আদালতকে তাদের বৈবাহিক অধিকার ফিরিয়ে আনার (restore the marriage) অনুরোধ করেছিলেন, কিন্তু বিচারকরা তার সেই আবেদন প্রত্যাখ্যান করেন, এই বলে যে তার আচরণ এই অনুরোধ সমর্থন করে না।
সবশেষে, আদালত বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে এবং স্বামীকে নির্দেশ দেয় যে, তিনি যেন স্ত্রীকে স্থায়ী খোরপোষ (Permanent Alimony) হিসেবে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করেন।
(Feed Source: zeenews.com)
