এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি, এবার চোটের জেরে অস্ট্রেলিয়া সফর থেকেও কার্যত ছিটকে গেলেন হার্দিক

এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি, এবার চোটের জেরে অস্ট্রেলিয়া সফর থেকেও কার্যত ছিটকে গেলেন হার্দিক

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাত্র এক ওভার বল করার পর আর বল করা তো দূর মাঠেই নামেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। এমনকী এশিয়া কাপ ফাইনালেও তাঁর বদলে রিঙ্কু সিংহ মাঠে নেমেছিলেন। বর্তমানে যা খবর তাতে হার্দিকের অস্ট্রেলিয়া সফরে (India vs Australia) মাঠে নামা কার্যত অসম্ভব।

রিপোর্ট অনুযায়ী হার্দিকের পেশিতে চোট রয়েছে। এই চোটের জেরেই তিনি এশিয়া কাপ ফাইনালে খেলেননি। যা শোনা যাচ্ছে তাতে ৩১ বছর বয়সি ভারতীয় ক্রিকেটারকে অন্তত চার সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। হার্দিক যদি সকলকে চমকে দিয়ে অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেনও, তবেও তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ১৯ অক্টোবরে ওয়ান ডে সিরিজ়ের শুরু থেকে খেলা সম্ভব নয়।

তবে হার্দিকের চোট সংক্রান্ত সঠিক রিপোর্ট এখনও পর্যন্ত বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে টিম ম্যানেজমেন্টকে দেওয়া হয়নি। এশিয়া কাপের ফাইনালের সময় প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর তরফেই জানানো হয় যে হার্দিকের উরুর পেশিতে চোট লেগেছে। তবে হার্দিক না খেললেও, এই সিরিজ়ের মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটবে বলেই আশা করা হচ্ছে।

সেই আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন রোহিত ও বিরাট উভয়ই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তো আর আন্তর্জাতিক ম্যাচই খেলেননি দুইজনে। তাই আশা করা হচ্ছিল ম্যাচ ফিটনেস ফিরে পেতে রোহিতদের আসন্ন ‘এ’ সিরিজ়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে দেখা যাবে। তবে তেমনটা হচ্ছে না।

৩০ সেপ্টেম্বর থেকে ভারতীয় ‘এ’ দল তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলা হবে। সেই সিরিজ়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলার জল্পনা থাকলেও, তাঁদের দলে রাখা হয়নি। শ্রেয়স ইরানি ট্রফিতে না থাকলেও এই ম্যাচেগুলিতে তিনিই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে ১ অক্টোবর থেকে ইরানি ট্রফির ম্যাচ খেলা হবে নাগপুরে।

কিন্তু কেন শ্রেয়স ইরানি ট্রফির দল নেই? বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘শ্রেয়স আইয়ার বিসিসিআইকে লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যে পিঠের অস্ত্রোপ্রচারের পর ওঁ ভালভাবেই সেরে উঠেছিলেন। তবে সম্প্রতি আবার পিঠের সেই সমস্যা ফিরে এসেছে এবং তিনি লাল বলের ক্রিকেট খেলায় সমস্যায় পড়ছেন। এই সময়কালটা ওঁ নিজের ফিটনেস এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির কাজে লাগাতে আগ্রহী। ওঁর এই সিদ্ধান্তের জেরেই ইরানি ট্রফির জন্য ওঁকে বিবেচনা করা হয়নি।’

(Feed Source: abplive.com)