
উৎসবের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে। বিজয়া দশমীর রাতে উৎসবের আবহে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।
পুরুলিয়া, শান্তনু দাস: উৎসবের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে। বিজয়া দশমীর রাতে উৎসবের আবহে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঠাকুর দেখার পর গভীর রাতে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর শ্যাম স্টিল কারখানার সংলগ্ন স্থানে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা আট জন যুবক। তারা সকলেই পুরুলিয়া শহরের বাসিন্দা। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর শহরের বাসিন্দা সমাজসেবী রজত শুভ্র চক্রবর্তী, হিমাংশু মণ্ডল, অম্লান মুখার্জি ও তন্ময় পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথপুর থানার পুলিশকে খবর দেন এবং আহতদের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।বর্তমানে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ৮ জনের মধ্যে ৩ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং ১ জনকে দুর্গাপুরের মিশন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
