
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবারের বিপর্যয়। ক্য়ানসারে আক্রান্ত ঠাকুমা। কিন্তু তাতেও আর রেহাই মিলল কই! উলটে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতে রাজি না হওয়ায় খোয়াতে হল চাকরি। হায়দরাবাদে এই ঘটনায় ফের আলোচনায় কর্মচারীদের অধিকার, অফিসে টক্সিক পরিবেশ ও কর্মচারীদের সুরক্ষার তো বিষয়গুলি।
রেডিট পোস্টে জানা গিয়েছে, ওই কর্মচারীকে সপ্তাহান্তে এবং অফিসের সময়ের বাইরে কাজ করতে বলেছিলেন কোম্পানির ডিরেক্টর। কিন্তু তা করা সম্ভব ছিল না ওই কর্মচারীর পক্ষে। কারণ, তাঁর ঠাকুমার ক্যানসার ধরা পড়েছে। কোম্পানির ডিরেক্টর অবশ্য কোনও সহানুভূতি দেখাননি। ওই কর্মচারীর দাবি, নিজের সমস্যা ও কর্মক্ষেত্রে হয়রানির কথা জানিয়ে মেল করেছিলেন তিনি। এরপর আর কোনও আলোচনা বা সতর্কবার্তা নয়। যেদিন মেল পাঠান, তার পরের দিনই চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই কর্মচারীকে।
রেডিট পোস্টে ওই কর্মচারীর দাবি, মেলে ঠাকুমার অসুস্থতা ও তাঁর সেখানে যাওয়া কতটা প্রয়োজন, তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন। কিন্তু মেলটি ‘অসত্ আচরণ’ হিসেবে বিবেচনা করে তাঁকে বিবেচনা করে তাঁকে ছেঁটে ফেলা হয়। শুধু তাই নয়, সার্ভিস বন্ড শেষ না হওয়া পর্যন্ত নাকি কর্মচারী সার্টিফিকেটও আটকে রেখেছে কর্তৃপক্ষ। ফলে নতুন চাকরি খুঁজতে গিয়েও সমস্যা পড়েছেন ওই কর্মী। হয়দরাবাদে শ্রম কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
এদিকে এই পোস্ট ঘিরে সমালোচনা ঝড় ওঠেছে রেডিটে। কোম্পানির আচরণের তীব্র সমালোচনা করেছেন রেডিট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, শ্রম বিধি অনুযায়ী এভাবে কর্মচারীদের আসল সার্টিফিকেট আটকে রাখা যায় না। অনেকেই আবার কর্মচারীকে সরাসরি শ্রম কমিশনারের যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বলেছেন। কোম্পানির নাম প্রকাশ করেননি কেন? সে প্রশ্নও উঠেছে। বলা হয়েছে, কোম্পানির নাম প্রকাশ করলে অন্যদের এই সমস্যায় পড়তে হবে না।
(Feed Source: zeenews.com)
