
দুবাই: চলতি বছরে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার তথা সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। একের পর এক চোখধাঁধানো ইনিংস, একগুচ্ছ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। গত মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলেছিল ভারতীয় দল। সেই সিরিজ়ে জোড়া শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বিচারে সেপ্টেম্বরের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত হলেন স্মৃতি।
অজ়িদের বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ স্কোরলাইনে ভারত সিরিজ় হারলেও, স্মৃতি মান্ধানাকে সিরিজ় সেরা ঘোষণা করা হয়। ৫৮, ১১৭ ও ১২৫, ১৩৫.৬৮ গড়ে মোট ৩০৮ রান করেন স্মৃতি। মাত্র ৫০ বলে মহিলাদের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকান স্মৃতি। এই দুরন্ত পারফরম্যান্সই তাঁকে সেপ্টেম্বরে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে দিয়েছে। পাকিস্তানের ওপেনার সিদরা আমিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৩ রান করেছিলেন। তিনিও স্মৃতির পাশাপাশি সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার সেই সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছিলেন তানজ়িম ব্রিটস। তিনি দুই ম্যাচে মোট ২৭২ রান করেছিলেন। স্মৃতি ও সিদরার পাশাপাশি তানজ়িম ত্রিমুখী দৌড়ে রয়েছেন। অপরদিকে, পুরুষদের মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন এশিয়া কাপজয়ী ভারতীয় দলের দুই তারকা পারফর্মার। কারা তাঁরা? তাঁরা হলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
ফাইনাল ম্যাচব্যতীত গোটা এশিয়া কাপেই ব্য়াট হাতে আগুন ঝরিয়েছেন অভিষেক শর্মা। টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান ও ২০০-র স্ট্রাইক রেটে সর্বাধিক ৩১৪ রান করেছিলেন তিনি। অভিষেকের আগুনে ব্যাটিং ভারতীয় দলকে গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখাতে সাহায্য করে। এই পারফরম্যান্সের জেরে তিনি এশিয়া কাপের সেরা ক্রিকেটার তো হনই, পাশাপাশি পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বাধিক ৯৩১ রেটিং পয়েন্টও পান।
একদিকে যেখানে অভিষেকের ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের মনোবল ভাঙে, সেখানে বল হাতে কুলদীপের বোলিংও এশিয়া কাপে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করে। মাত্র ৬.২৭ ইকোনমিতে কুলদীপ এশিয়া কাপে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭টি উইকেট নেন। প্রতিটি ম্য়াচেই তিনি অন্তত একটি উইকেট নেন। অভিষেকের ব্যাটিংয়ের পাশাপাশি কুলদীপের বোলিংও ভারতীয় দলকে এশিয়া কাপ জিততে সাহায্য করে। এই দুই তারকাই সেপ্টেম্বরের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।
দুই ভারতীয় তারকাকে চ্যালেঞ্জা জানাতে রয়েছেন জিম্বাবোয়ের ব্রায়ন বেনেটও। সেপ্টেম্বরটা তাঁর জন্যও স্বপ্নের কেটেছে বলে কম বলা হয়। তিনি সেপ্টেম্বরে নয় ইনিংসে ৫৫.২২ গড়ে মোট ৪৯৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৫.৬৬। তাঁর ব্যাটিংয়ে ভর করে জিম্বাবোয়ে পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাকা করে। তিনিও আইসিসির বিচারে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন।
(Feed Source: abplive.com)
