
৪ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে ৪৬ জন আইটিআই টপারের সঙ্গে বাবলুও শংসাপত্র ও পুরস্কার গ্রহণ করেন।
দিল্লিতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন বাবলু হালদার
বহরমপুর, কৌশিক অধিকারী: আইটিআই পরীক্ষায় দেশের সেরা হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জীবন্তির দৃষ্টিহীন যুবক বাবলু হালদার। এবারের আইটিআই পরীক্ষায় (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) সারা দেশের মধ্যে প্রথম হয়ে ইতিহাস গড়লেন বাবলু।
দেশের মধ্যে দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন বাবলু, সে পড়াশোনা করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে। তিনি কারিগর প্রশিক্ষণ প্রকল্প (CTS) এর অধীনে মেটাল কাটিং অ্যাটেনডেন্ট বিভাগে ৬০০ এর মধ্যে ৪৭৩ নম্বর পেয়ে জাতীয় স্তরে শীর্ষে ওঠেন।
জানা গিয়েছে, ফলাফল প্রকাশিত হয় ৪ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে ৪৬ জন আইটিআই টপারের সঙ্গে বাবলুও শংসাপত্র ও পুরস্কার গ্রহণ করেন।
বাবলু জানিয়েছেন, “স্কুল থেকে শিক্ষকরা সবসময় ভরসা ও সাহস দিয়েছেন। আমি চাই, ভবিষ্যতে দৃষ্টিহীন মানুষদের পথ দেখাতে, যেন অন্ধ জনে দেহ আলোয় আলোকিত হয় পৃথিবী।” বাংলার ইতিহাসে এই প্রথম কোনও দৃষ্টিহীন ছাত্র আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন। মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলায় এখন বাবলু হালদার এক অনুপ্রেরণার নাম।
