Cancer won guys: ‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ মৃত্যুর দিন গোনা ২১ বছরের তরুণের লেখা ফেয়ারওয়েল নোট! কাঁদছে নেটপাড়া…

Cancer won guys: ‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ মৃত্যুর দিন গোনা ২১ বছরের তরুণের লেখা ফেয়ারওয়েল নোট! কাঁদছে নেটপাড়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ ২১ বছরের এক ছেলের লেখা ফেয়ারওয়েল নোট। চোখে অনেক স্বপ্ন ছিল। অনেক প্ল্যান ছিল। কিন্তু সব কিছুই হারতে বসেছে মারণরোগের কাছে। তার সময় ফুরিয়ে আসছে। হাতে আর বেশিদিন নেই। তাই তার আগে বন্ধুদের জন্য একটুকরো বিদায়ী বার্তা। হৃদয় নিংড়ে লেখা এই ফেয়ারওয়েল নোট ইতিমধ্যেই ভাইরাল।

২১ বছর বয়সী ওই তরুণ লিখছেন, “আমি সম্ভবত এই বছরের শেষ পর্যন্তও যেতে পারব না। দীপাবলি আসছে। রাস্তাঘাট, বাড়ি সব আলোয় সেজে উঠছে। এটাই আমার শেষ দিওয়ালি। এটা মেনে নেওয়া খুব কঠিন যে, আমি শেষবারের মতো এই আলো দেখতে পাব। আমি এই আলো, এই হাসি, এই বাজির শব্দ মিস করব। এটা নিজের চোখে দেখা সত্যিই অদ্ভূত যে, সবার জীবন এগিয়ে চলেছে আর আমার জীবন শুকিয়ে আসা ফুলের মতো আস্তে আস্তে নেতিয়ে পড়ছে। আমি জানি, সামনের বছর অন্য কেউ আমার আমার জায়গায় আলো জ্বালাবে। আমি তখন শুধু স্মৃতি হয়ে থাকব।”

ওই তরুণ আরও লিখছে, “মাঝে তাও ভুল করে ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলি। অভ্যাসবশত। আসলে আমারও অনেক স্বপ্ন ছিল! আমি ঘুরতে যেতে চাইতাম। নিজের কিছু শুরু করব ভাবতাম। এমনকি ভালো হয়ে যাওয়ার পর একটা কুকুর পুষবও ভেবেছিলাম। কিন্তু, তারপরই মনে পড়ল, আমার হাতে আর সময় নেই। ভাবনাগুলো হারিয়ে গেল। এখন শুধু আমি আমার বাবা-মায়ের বিষণ্ণ মুখগুলো দেখি।”

তরুণের কথায়, “আমি নিজেও জানি না, আমি কেন এই নোট লিখছি! হয়তো সবকিছু ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো সশব্দে নিজের সামান্য অস্তিত্ব জানান দিয়ে যাওয়া।” শেষে অজানা ভবিষ্যতে তাঁর বন্ধুদের উদ্দেশে ওই ২১ বছর তরুণের শেষ মেসেজ, ‘দেখা হবে।’ লেখা শেষে জুড়েছে একটি হার্ট ইমোজিও। ওই তরুণের লেখা এই নোট সামনে আসতেই ইতিমধ্যে তা ভাইরাল। সবাই তাঁর আরোগ্য কামনা করছেন। কামনা করছেন অলৌকিকের! অলৌকিক কিছু ঘটুক!

২০২৩ সালে ওই তরুণের কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়ে। ফোর্থ স্টেজ। কয়েক মাস ধরে কেমোথেরাপি চলে। বেশ কয়েকবার হাসপাতালেও চিকিৎসাধীন থাকেন। শেষে ডাক্তাররা এখন তাঁকে জবাব দিয়ে দিয়েছেন। ডাক্তারা জানিয়ে দিয়েছেন, আর কোনও চিকিৎসার বিকল্প অবশিষ্ট নেই। নিজের ভবিতব্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই উপায় নেই ওই তরুণের।

(Feed Source: zeenews.com)