)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গত শনিবার গোটা বিশ্বকে জানিয়েছেন যে, তাঁর দেশের ২৫০০০ নাগরিক মারা যেতে পারতেন এক ভয়ংকর ঘটনায়। জল পথে পরিচিত মাদক পাচারের ট্রানজিট রুট ধরে, প্রচুর পরিমাণ মাদক নিয়ে আমেরিকার দিকে ধেয়ে আসছিল এক সাবমেরিন। তবে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানে সেই সাবমেরিন ধ্বংস করে দেওয়া হয়েছে। আমেরিকা দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে তাদের নিজেদের দেশ ইকুয়েডর এবং কলোম্বিয়াতে ফেরত পাঠিয়েছে।
ভিডিয়ো শেয়ার আমেরিকার
ট্রাম্প জানিয়েছেন যে, লাতিন আমেরিকা থেকে মাদক আমেরিকায় প্রবেশ রুখে দেওয়ার জন্য তিনি সর্বদা প্রস্তুত। হোয়াইট হাউস এক্স হ্যান্ডেলে সাবমেরিন হামলার একটি অশ্রেণীবদ্ধ ভিডিয়ো শেয়ার করেছে। ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্ট বলছে যে, ট্রাম্প জানিয়েছেন যে, তাঁর দেশের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে, এই ভেসেলে বেশিরভাগই ছিল ফেন্টানিল এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্যতে ঠাসা। জাহাজে চারজন পরিচিত মাদক সন্ত্রাসীও ছিল। যার মধ্যে দু’জন নিহত হয়েছে।
২৫০০০ আমেরিকানের মৃত্যুর সমন!
ট্রাম্প তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এক পরিচিত মাদক পাচারের ট্রানজিট রুটে ধরে আমেরিকার দিকে, এক বিশাল মাদক বহনকারী সাবমেরিন ধেয়ে আসছিল। তা ধ্বংস করা আমার জন্য অত্যন্ত সম্মানের। মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে, জাহাজটিতে বেশিরভাগই ফেন্টানিল এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য ভর্তি ছিল। জাহাজে চারজন পরিচিত মাদক সন্ত্রাসী ছিল। সন্ত্রাসীদের মধ্যে দু’জন নিহত হয়েছে। বেঁচে থাকা দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিচারের জন্য তাদের উৎপত্তিস্থল ইকুয়েডর এবং কলম্বিয়ায়য় ফেরত পাঠানো হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনও ক্ষতি হয়নি। আমি যদি এই সাবমেরিনটিকে তীরে আসতে দিতাম, তাহলে কমপক্ষে ২৫০০০ আমেরিকান মারা যেত। আমার নজরদারিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থল বা সমুদ্রপথে অবৈধ মাদক সন্ত্রাসীদের সহ্য করবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!
ফেন্টানিলেই মৃত্যুর সমন
সংবাদসংস্থা এএফপি বলছে যে, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় কমপক্ষে ছ’টি স্পিডবোট ধ্বংস করা হয়েছে। এর মধ্যে কয়েকটির উৎপত্তিস্থল ভেনেজুয়েলা বলেই অভিযোগ। ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেই বলেছিলেন যে, মেক্সিকো এবং কানাডা থেকে মাদক এখন আমেরিকায় এমন পর্যায়ে ঢুকে পড়েছে তা আগে দেখেননি তিনি। রোজ সেই দেশে ২০০ মৃত্যু হয় এই মাদকের কারণেই। প্রায় ছারখার করে দিয়েছে গোটা আমেরিকাকে। সিন্থেটিক ড্রাগে ফেন্টানিলই শেষ করে দিয়েছে আমেরিকাকে। বেদনানাশক এবং রোগীকে অচেতন করার কাজে ব্যবহৃত হয় ফেন্টানিল। এই ওষুধ মরফিনের চেয়ে প্রায় ১০০ গুণ ও হেরোইনের তুলনায় প্রায় ৫০ গুণ বেশি শক্তিশালী। এমনকী এই মাদকের উৎপাদনের খরচও অনেক কম। আমেরিকায় গত বছর ফেন্টানিল অতিরিক্ত সেবনেই কেড়েছে ৭৫ হাজার প্রাণ।
(Feed Source: zeenews.com)
