Ranchi Crime News: রাঁচিতে রক্তপাত! অর্ডার ভেজ বিরিয়ানির, প্লেটে এল চিকেন, ধর্মনাশের রাগে রেস্তোরাঁমালিক খেয়ে গেলেন গুলি…

Ranchi Crime News: রাঁচিতে রক্তপাত! অর্ডার ভেজ বিরিয়ানির, প্লেটে এল চিকেন, ধর্মনাশের রাগে রেস্তোরাঁমালিক খেয়ে গেলেন গুলি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ভেজ’ বিরিয়ানি অর্ডার করেছিলেন। কিন্তু দেওয়া হয়েছিল ‘নন-ভেজ’ বিরিয়ানি। শুধুমাত্র এই কারণেই ঝাড়খণ্ডের রাঁচির এক রেস্তোরাঁ মালিককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ। তার কিছুক্ষণ আগে কাঁকে-পিথোরা রাস্তার ধারের এক রেস্তোরাঁয় এসে ভেজ বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন অভিষেক কুমার নাগ। অর্ডারটি তিনি পার্শেল করে দিতে বলেন। রেস্তোরাঁর কর্মীরা তাঁর হাতে বিরিয়ানির বাক্স তুলে দিয়েছিলেন। সেটি নিয়ে তিনি বাড়িও চলে গিয়েছিলেন।

রাঁচি (গ্রামীণ) এলাকার পুলিস সুপার প্রভীন পুষ্কর জানিয়েছেন, বাড়ি গিয়ে ওই ব্যক্তি দেখেছিলেন তাঁকে নন-ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করেন বিজয় নাগ নামের রেস্তোরা মালিককে। এর পরেই আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই রেস্তোরাঁয় ফিরে আসেন তিনি। কেন তাঁকে নন-ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে, তা নিয়ে অভিযোগ জানান। এই নিয়ে রেস্তোরাঁর মালিক বিজয় কুমার নাগ (৪৭)-এর সঙ্গে বচসায় জড়ান তিনি।

সেই সময়ে ওই বিজয় ওই রেস্তোরাঁরই একটি টেবিলে বসে নৈশভোজ খাচ্ছিলেন। বচসা চলাকালীনই আচমকা একটি পিস্তল বের করে বিজয়কে লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি বলে অভিযোগ। গুলিটি লাগে বিজয়ের বুকে। পুলিস জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পরে ওই এলাকায়। ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে রবিবার সকালে কাঁকে-পিথোরা রাস্তা অবরোধও করেন তাঁরা। পুলিস ঘটনাস্থলে এসে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার আশ্বাস দেন। তার পরেই অবরোধ তোলেন তাঁরা।

কাঁকে থানার পুলিস আধিকারিক প্রকাশ রজক জানিয়েছেন, অভিযুক্তরা আপাতত পলাতক। তাদের ধরার জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র ভেজের বদলে নন-ভেজ বিরিয়ানি দেওয়ার কারণেই খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিস। এই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এর আগে, নয়ডার এক মহিলা অভিযোগ করেছেন যে তিনি ফুড ডেলিভারি অ্যাপ সুইগি থেকে নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছিলেন কিন্তু তিনি নন-ভেজ বিরিয়ানি পেয়েছিলেন। ‘ইচ্ছাকৃত’ মিশ্রণের অভিযোগ করা তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এই মামলাটি প্রকাশ্যে আসে।

ঘটনার পর, নয়ডা পুলিস বিষয়টি আমলে নেয় এবং অর্ডার প্যাক করা রেস্তোরাঁর কর্মীকে গ্রেপ্তার করে।

ভিডিয়োতে, মহিলাটি ব্যাখ্যা করেছেন যে তিনি সুইগির মাধ্যমে লখনউই কাবাব পরোটা রেস্তোরাঁ থেকে নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছিলেন । তবে, যখন তিনি অর্ডারটি পান, তখন দেখা যায় যে এটি আমিষ বিরিয়ানি। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেছেন যে রেস্তোরাঁটি ‘ইচ্ছাকৃতভাবে’ এই গোলমাল করেছে।

(Feed Source: zeenews.com)