
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকনাথ বাবা (Lokenath Brahmachari) মক্কা মদিনায় (Mecca Medina) গিয়েছিলেন– এই খবরটিই খুব চমকে দেওয়ার মতো। সিদ্ধির পরে লোকনাথ ব্রহ্মচারী (Baba Lokenath Brahmachari) আসলে দীর্ঘ আধ্যাত্মিক ভ্রমণে বেরিয়েছিলেন। তনই তিনি মক্কা-মদিনা যান।
বালক লোকনাথ
লোকনাথের বাবা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ, গুপ্তসাধক। তার বাসনা ছিল অন্তত একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন। কিন্তু মা তাঁর পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ থেকেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। তখন বাবা রামনারায়ণ ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে– যিনি আচার্য গাঙ্গুলি নামেই বেশি পরিচিত– লোকনাথের আচার্য রূপে গ্রহণ করার ব্যবস্থা করলেন। লোকনাথের উপনয়ন সংস্কার করিয়ে তাঁর অধ্যাত্মজীবনের ভার গ্রহণের জন্য আচার্য গাঙ্গুলিকে অনুরোধ জানালেন রামনারায়ণ। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। তিনি সমস্ত শাস্ত্রীয় ক্রিয়ার পরে বালক লোকনাথকে নিয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন।
সাধক লোকনাথ
গৃহত্যাগের পর ১১৪৮ বঙ্গাব্দে (ইং ১৭৪১) আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটে। মহাপীঠ কালীঘাট। তখন কালীঘাট ছিল ঘন জঙ্গলে ঢাকা। পরে সাধন-ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তাঁরা কালীঘাট ত্যাগ করেন। দীর্ঘ ৩০-৪০ বছর নক্ত-ব্রত (দিনে অনাহারী থেকে রাত্রে আহার) ধারণ করেন। তাঁরা নানারকম নিয়ম ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। সিদ্ধলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে উপস্থিত হন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কঠিন তপস্যা করে লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছন এবং পরমতত্ত্ব লাভ করেন। তখন তার বয়স ৯০ বছর।
ইসলাম ও লোকনাথ
সিদ্ধি লাভের পর আচার্য গাঙ্গুলি লোকনাথকে নিয়ে মক্কা দর্শনে যান। তাঁরা পায়ে হেঁটে রওনা হন মক্কার উদ্দেশ্যে। প্রথমে উপস্থিত হন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে এক শাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সঙ্গে তাঁদের পরিচয় হয়। তাঁর সাথে কোরান ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরান শিক্ষা করেন। তাঁরা উপলব্ধি করলেন, বাহ্যিক আচার-আচরণ ছাড়া দুই ধর্মে আসলে কোনও প্রভেদই নেই।
মক্কা- মদিনায়
পরে তাঁরা আসেন মদিনায়। এখানেও বেদ ও কোরান নিয়ে তাঁদের চর্চা চলে। এখান থেকে তাঁরা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফুর নামে ৪০০ বছর বয়সি এক উচ্চস্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তাঁর কাছে যান। তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধপুরুষ লোকনাথকে দেখে তাঁর সমাধিভঙ্গ হয়। তিনি তাঁকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তাঁরা মক্কায় পৌঁছন। সেখানে মানুষজন লোকনাথকে দেখে আশ্চর্য হন। তাঁকে গভীর শ্রদ্ধা করতে শুরু করেন তাঁরা।
(Feed Source: zeenews.com)
