অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া পুলিশ অফিসার এবং কিশোর দাবাড়ুর গল্প নিয়ে আসছে জনি বনি

অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া পুলিশ অফিসার এবং কিশোর দাবাড়ুর গল্প নিয়ে আসছে জনি বনি

পুলিশ জনির ইনভেস্টিগেশন

তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনো ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পেতে। তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবী করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশুনো, সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি চেঞ্জ করতে পারে না। জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই ঘটুক জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে পারবে না।

দাবা টুর্নামেন্টের গ্র্যান্ডমাস্টার বনি

দাবা টুর্নামেন্টের গ্র্যান্ডমাস্টার বনি

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে, জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়, কলকাতায় একটা দাবা টুর্নামেন্ট খেলবে বলে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম এন্ড জেরির মত। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো মিথ্যেকথা হিসেবেই ডিক্লেয়ার করে।

স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসছে জনি বনি

স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসছে জনি বনি

জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে এবং জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। কিন্তু ঘটনার পর থেকে প্রমোদ সেনের মেয়ে রিমিরও খোঁজ পাওয়া যায় না। জনি কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়। জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত পাওয়ারফুল কিছু মানুষ গোটা ঘটনাটার সাথে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না যে এই কেসের সমাধান হোক। একই সঙ্গে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়। জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সল্ভ করতে ? বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে ? নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প জনি বনি।

জনি বনির কলাকুশলীরা

জনি বনির কলাকুশলীরা

আগামী বাংলা ওয়েব সিরিজ জনি বনি-তে দেখা যেতে চলেছে একগুচ্ছ জনপ্রিয় মুখ। একদিকে যেখানে মন্দার খ্যাত দেবাশিস মণ্ডল রয়েছেন প্রধান চরিত্রে, সেইসঙ্গে স্বস্তিকা দত্ত এবং ‘নেতাজি’খ্যাত অঙ্কিত মজুমদার অভিনয় করবেন এই সিরিজে। কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা বন্দ্যোপাধ্যায়।

(Source: oneindia.com)