Raipur Incident: ‘বিয়ের দশ মাসে ১০ দিনও সুখী ছিলাম না, এই অত্যাচার আমি আর নিতে পারছি না!’ ভয়ংকর ভিডিয়ো করে আত্মঘাতী মনীষা…

Raipur Incident: ‘বিয়ের দশ মাসে ১০ দিনও সুখী ছিলাম না, এই অত্যাচার আমি আর নিতে পারছি না!’ ভয়ংকর ভিডিয়ো করে আত্মঘাতী মনীষা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের ১০ মাস পর ছত্তিশগড়ে মহিলার আত্মহত্যা, ভিডিয়োতে স্বামী ও শ্বশুরবাড়িকে দায়ী করলেন

ছত্তিশগড়ের রায়পুরে বাঙালি মহিলার আত্মহত্যা। তার আগে একটি ভিডিয়ো রেকর্ড করেন, যেখানে তিনি তার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্রমাগত পণের জন্য চাপ-সহ বিভিন্ন রকম হয়রানির অভিযোগ এনেছেন।

মনীষা গোস্বামী নামের ওই মহিলা তার আত্মহত্যার ভিডিয়োতে অভিযোগ করেছেন যে, তাঁর স্বামী আশুতোষ গোস্বামী, দেওর এবং শ্বশুর-শাশুড়ি মিলে তার ওপর নির্যাতন চালাত। তিনি দাবি করেন, এই বছরের জানুয়ারিতে বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

মণীষা বলেন, ‘আমি আমার ভাইবোনেদের মধ্যে সবচেয়ে বড় এবং আমার বাবাই পরিবারের একমাত্র উপার্জনকারী। আমি আমার শ্বশুরবাড়ির লোকের আচরণে ক্লান্ত।’

ভিডিয়োতে মনীষা বলেছেন, তার ‘আর কোনও উপায় ছিল না’ এবং তিনি ‘জীবনে ক্লান্ত’। তিনি আরও বলেন যে, তার স্বামী ‘কোনও দোষ ছাড়াই’ তাকে দুবার মেরেছিল এবং তার শাশুড়ি স্বামীর পক্ষ নিয়েছিলেন। তিনি পণ (যৌতুক) এবং অন্যান্য বিষয় নিয়ে হয়রানির অভিযোগও করেন এবং জানান যে, তার ১০ মাসের বিবাহিত জীবনে তিনি ‘দশ দিনও’ শান্তিতে ছিলেন না।

পুলিস সূত্রে জানা গেছে, মনীষার বাবা ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে ডিডি নগর থানায় পৌঁছেছেন। একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিস ভিডিয়োতে করা অভিযোগগুলির তদন্ত শুরু করেছে।

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তদন্তকারীরা ওই মহিলার মৃত্যুর কারণ জানতে মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ পরীক্ষা করে দেখছেন।

(Feed Source: zeenews.com)