অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার? আবেগপ্রবণ হয়ে পড়ে কী বললেন রোহিত-কোহলি? ভক্তদের চোখে জল

অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার? আবেগপ্রবণ হয়ে পড়ে কী বললেন রোহিত-কোহলি? ভক্তদের চোখে জল

 


সিডনি: রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্নটি এখনও বহুল চর্চিত । তবে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের পর দুই কিংবদন্তি ক্রিকেটার অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়েছেন, দিয়েছেন ধন্যবাদও । রো-কো জুটির যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । চোখের জল ধরে রাখতে পারছেন না অনেকে ।

অস্ট্রেলিয়াম মাটিতে তাঁদের শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গেল শনিবারই । দুজনেই অস্ট্রেলিয়ার তাঁদের পুরনো স্মৃতিগুলি তাজা করেছেন । শনিবারের ম্যাচে রোহিত ১২১ রান এবং বিরাট ৭৪ রানের ইনিংস খেলেন । তাঁদের ইনিংসের সুবাদে ভারত ৯ উইকেটে ম্যাচ জিতেছে । এছাড়াও দুজনেই স্বীকার করেছেন যে, সম্ভবত এর পরে তাঁরা আর কখনও অস্ট্রেলিয়ায় খেলতে ফিরবেন না । ম্যাচের পর রোহিত ও বিরাট কী বলেছিলেন ?

আমরা এখানে আবার আসব কি না… কী বললেন রোহিত শর্মা?

ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীকে রোহিত শর্মা বলেছেন, “সিডনিতে আসতে এবং খেলতে আমার খুব ভাল লেগেছে । ২০০৮ সালের সেই স্মৃতি (রোহিতের প্রথম অস্ট্রেলিয়া সফর), সেই সময়টা খুবই আনন্দময় ছিল । আমি জানি না যে আমরা ক্রিকেটার হিসাবে এখানে আবার আসব কি না, তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি । আমরা অনেক সাফল্যের পরেও ক্রিকেট খেলার প্রচুর আনন্দ উপভোগ করেছি । আমি গত ১৫ বছরের সমস্ত সাফল্য ভুলে গিয়েছিলাম এবং নতুনভাবে শুরু করেছিলাম । এখানে খেলতে আমার ভাল লাগে, সম্ভবত বিরাটও তাই মনে করে । অনেক ধন্যবাদ অস্ট্রেলিয়া ।”

বিরাট কোহলির শেষ বক্তব্য

বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় কাটানো স্মৃতিগুলি নিয়ে বলেন, “আমার মনে হয়, এটা ২০১৩ সালে শুরু হয়েছিল । আমরা (বিরাট ও রোহিত) যদি বড় পার্টনারশিপ করি, ২০ ওভার একসঙ্গে খেলি, তাহলে আমরা জেনে যাই যে, আমাদের ইনিংস দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে, প্রতিপক্ষও এটা বুঝতে পারে । আমাদের এই দেশে এসে খেলতে ভাল লেগেছে, এখানে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি । আপনাদের সকলকে (অস্ট্রেলীয় দর্শক) আমাদের সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ । ধন্যবাদ অস্ট্রেলিয়া ।”

২০২৭ সালের বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে জল্পনা রয়েছে। গিলক্রিস্ট অবশ্য দুজনকেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

(Feed Source: abplive.com)