Prashant Kishor: কলকাতার ঠিকানা কালীঘাট রোডে… বাংলা-বিহার, ২ রাজ্যের ২ ভোটার কার্ড প্রশান্ত কিশোরের! কীভাবে?

Prashant Kishor: কলকাতার ঠিকানা কালীঘাট রোডে… বাংলা-বিহার, ২ রাজ্যের ২ ভোটার কার্ড প্রশান্ত কিশোরের! কীভাবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময়ের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট এবং বর্তমানে বিহার বিধানসভায় জন সুরজ পার্টির অন্যতম ভোট প্রার্থী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দুটি ভোটার কার্ড! দুই রাজ্যে দুটি ভোটার কার্ড (Prashant Kishor Voter Card Controversy) প্রশান্ত কিশোরের নামে! আর সেই অভিযোগকে কেন্দ্র করেই জোর চর্চা, তরজা রাজনীতির আঙিনায়।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নাম ছিল পশ্চিমবঙ্গ এবং বিহারের ভোটার তালিকায়। এদিকে ১৯৫০ সালের লোকপাল আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী কোনও একজন ব্যক্তি একাধিক এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেন না। তা তিনি প্রার্থীই হন বা ভোটার।

এখন কালীঘাট মন্দিরের কাছে ১২১ নম্বর কালীঘাট রোডে তৃণমূল কংগ্রেসের ভবানীপুর আঞ্চলিক কার্যালয়ের ঠিক উপরের চারতলার ফ্ল্যাটবাড়ির একটি প্রশান্ত কিশোরের কলকাতার ঠিকানা হিসেবে ভোটার তালিকায় উল্লেখ করা রয়েছে। প্রশ্ন উঠছে,  আদতে বিহারের রোহতাস জেলার কোনার গ্রামের বাসিন্দা প্রশান্ত কিশোর এই রাজ্যের এই শহরের ভোটার তালিকায় নাম তুললেন কীভাবে?

যদিও প্রশান্ত ঘনিষ্ঠদের দাবি, তিনি ইতিমধ্যেই তাঁর কলকাতার ভোটার কার্ড বাতিল করার আবেদন জমা দিয়েছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তাঁর নাম ডিলিট করার জন্য গত ২৫ অক্টোবর অর্থাৎ ৩ দিন আগে তাঁর হয়ে ফর্ম সেভেন সাবমিট করা হয়। নিয়ম হচ্ছে, এই সাবমিশনের ৭ দিন পরে নাম মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু এই মুহূর্তে এই নাম মোছা সম্ভব নয়। কারণ, SIR ঘোষণা হয়ে গিয়েছে। ফলে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। প্রশান্ত কিশোরের বাড়িতেও যাবে ভোটার গণনা পত্র। তিনি যদি সেই ফর্ম ফিলআপ না করেন, সেক্ষেত্রে অন্যান্য ভোটারদের মতোই স্বাভাবিক নিয়মেই তাঁর নামও পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তবে কী করে প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যের দুই ভোটার তালিকায় রয়ে গেল, তাই নিয়েই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

(Feed Source: zeenews.com)