
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই একাধিক রিপোর্ট বলছিল যে, অস্ট্রেলিয়া সিরিজই সম্ভবত শেষ (Virat Kohli Retirement)। বিশেষ করে ওডিআই ক্রিকেটের প্রেক্ষাপটে! অনেকে এও মনে করছিলেন যে, ডনের দেশে খেলে এবার সব রকমের ক্রিকেট থেকেই অবসর নেবন কিং কোহলি (King Kohli)। এবার কি কোহলি সুকৌশলে সন্ন্যাসের ‘বিরাট’ ইঙ্গিত দিলেন! এখন এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে কিং কোহলির কোটি কোটি ভক্তদের মনে!
কোহলি ফের শূন্য রানে আউট!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত। পারথে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল ভারত। গত রবিবার বৃষ্টিবিঘ্নিত পারথের ওপটাস স্টেডিয়ামে শন মার্শের অস্ট্রেলিয়া ৭ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিল। আর সেদিন কোহলি ৮ বল খেলে অফসাইডের বাইরের বল ড্রাইভ মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কোনও রান না করেই। তিন দিনের ব্যবধানেও কিসসু বদলাল না! বৃহস্পতিবার, আজ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওডিআই-তে মুখোমুখি হয়েছে। পারথ থেকে অ্যাডিলেডের দূরত্ব ২০০০ কিলোমিটারেরও বেশি। কিন্তু কোহলির সঙ্গে শূন্যের দূরত্ব কমল না! জেভিয়ার বার্টলেটেরে উইকেটের দিকে ঢুকে আসা বলে প্লাম এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন কিং কোহলি। মাত্র চার বলের ইনিংস ছিল তাঁর!
কোহলির কেরিয়ারে বিরল দিন!
২০০৮ সালের ১৮ অগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই অভিষেক হয়েছিল কোহলির। বিগত ১৭ বছরের রেকর্ডময় বর্ণময় কেরিয়ারে এই প্রথম কোহলি এমন দিন দেখলেন। ওডিআই ক্রিকেটে পরপর দু’ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। ভাবলে অবাক হয়ে হয় যে, পয়মন্ত অ্যাডিলেডই আজ কোহলিকে ফাঁকা হাতে ফেরাল। ইতিহাস বলছে বিশ্ববন্দিত এই মাঠে কোহলি ওডিআই-তে ২৪৪ রান করেছেন ৪ ইনিংসে। তাঁর গড় ৬১.০০। রয়েছে জোড়া সেঞ্চুরি। ১০৭ রানের ইনিংসই ছিল সেরা।
প্রিয় রঙ্গমঞ্চকে বিদায়!
কোহলি এদিন আউট হওয়ার পর, সাজঘরে ফিরে যাওয়ার সময়ে, যেভাবে গ্লাভস তুলে গ্যালারির দিকে অভিবাদন জানাচ্ছিলেন, তা দেখে অনেকেই মনে করছেন যে, কোহলির এই ‘বিরাট’ ইঙ্গিত ছিল সন্ন্যাসেরই। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালিতেই কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন। গত ম্যাচে কোহলি ‘ দেখুন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম, বিগত ১৫-২০ বছর, আমি যা ক্রিকেট খেলেছি, তাতে করে মোটেই বিশ্রাম নিইনি, যদি তা যুক্তিসঙ্গত হয়। আমি সম্ভবত গত ১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি সঙ্গে আইপিএল। আমি ভীষণ রিফ্রেশিং সময় কাটালাম। আমি আগের চেয়েও ফিট বোধ করছি, যদি তেমনটা নাও হয়, তবে তখনই আপনি সেই সতেজতা অনুভব করতে পারেন, যখন আপনি জানেন যে খেলাটি খেলতে পারবেন। এবং মানসিক ভাবে আপনি জানেন যে বাইরে কী করতে হবে। এটি কেবল শারীরিক প্রস্তুতির যত্ন নেওয়া দরকার।’
আসা যাক ম্যাচের প্রসঙ্গে
অ্যাডিলেডে এদিন ভারত টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৪ রান তুলেছে। রো-কো জুটিকে ফের দেশের জার্সিতে দেখতে মুখিয়ে ছিল নেটপাড়া। ভারতীয় ক্রিকেটের দুই মহানায়কের ফেরার তর সইছিল না ভক্তদের। গত ম্যাচে ২২৪ দিন পর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারেননি বিরাট-রোহিত। টেস্ট এবং টি-২০আইকে আলবিদা বলা দুই ক্রিকেটার রীতিমতো হতাশ করেছিলেন। কোহলি যেমন কোনও রানই করেননি, তেমনই রোহিত করেছিলেন রোহিত ১৪ বলে মাত্র ৮ রান। তবে এদিন রোহিত ভক্তদের খুশি করে দিয়েছেন। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন ৭ চার ও ২ ছয়ের সুবাদে। শুভমন গিল ফের ফ্লপ! মাত্র ৯ রান করলেন। মিডল অর্ডারে মুখ রেখেছেন শ্রেয়স আইয়ার (৭৭ বলে ৬১) ও অক্ষর প্যাটেল (৪১ বলে ৪৪)। কেএল রাহুল (১১), ওয়াশিংটন সুন্দর (১২) ও নীতীশ কুমার রেড্ডি (৮) হতাশ করলেন রীতিমতো। নয়ে নেমে পেসার হর্ষিত রানা ১৮ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন। অর্শদীপ সিং করেন ১৪ বলে ১৩।
(Feed Source: zeenews.com)
