Nepal Helicopter Crash: মন্থায় মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে টুকরো-টুকরো হেলিকপ্টার, অস্বাভাবিক ভাবে বেঁচে গেলেন পাইলট!

Nepal Helicopter Crash: মন্থায় মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে টুকরো-টুকরো হেলিকপ্টার, অস্বাভাবিক ভাবে বেঁচে গেলেন পাইলট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চল (Mt Everest Region In Nepal) থেকে বুধ সকালে এল ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার খবর (Nepal Helicopter Crash)! ভারী তুষারপাতের কারণে এক বেসরকারি বিমান সংস্থার চপার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পুলিস জানিয়েছে,  হেলিকপ্টারে একমাত্র যাত্রী ছিলেন পাইলট, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন! সামান্য আহত হয়েছেন।

ঠিক কী ঘটেছিল?

এদিন অল্টিটিউড এয়ার হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন বিবেক খাড়কা। তিনি লুকলা থেকে টেক-অফ করেছিলেন খুম্বু অঞ্চলের লোবুচেমে, আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য। চপারে পাইলট ছাড়া আর কোনও যাত্রীই ছিল না। সোলুখুম্বু জেলার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, হেলিকপ্টারটি অবতরণের সময় ভারী তুষারপাতের কারণে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায়। বিবেক খাড়কাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হেলিকপ্টারে করে লুকলায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলেই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।

ভারী তুষারপাত 

মঙ্গল-বুধ, ভারী তুষারপাতের কারণে মুস্তাং-সহ অন্নপূর্ণা এবং এভারেস্ট অঞ্চলের পাহাড়ি এলাকায় অনেক ট্রেকার আটকে পড়েছিলেন। দেশের বিভিন্ন স্থানে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে আবহাওয়া দফতর ট্রেকার এবং পর্বতারোহীদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

এভারেস্ট পর্যটন বন্ধ

অসময়ে ভারী তুষারপাতের কারণে এদিন এভারেস্ট অঞ্চলের নেপাল এবং চিনের দিকে পর্যটন বন্ধ ছিল এবং আটকে পড়া ট্রেকারদের উদ্ধার করতে গিয়েই গভীর তুষারপাতে বিধ্বস্ত হয়। হাজার হাজার ট্রেকার এবং পর্বতারোহী আসেন মাউন্ট এভারেস্টের আশেপাশের অঞ্চলে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়  মন্থা দেশ জুড়ে আছড়ে পড়েছে। যার ফলে গত সোমবার থেকেই এভারেস্টের পার্শ্ববর্তী অঞ্চল আবহাওয়ার বদলে তুষারাবৃত। এই মাসে হিমালয়ে দ্বিতীয়বার তীব্র তুষারপাত শুরু হয়েছে। নিম্ন উচ্চতায় বৃষ্টিপাত এবং উচ্চতর পথে ভারী তুষারপাতের কারণে নেপাল অনেক হাইকিং রুটে ট্রেকিং বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পর্বতারোহীদের অন্নপূর্ণা, মানাসলু এবং ধৌলাগিরি অঞ্চলে ট্রেকিং না করারই অনুরোধ করেছে। কারণ এখানেই বিশ্বের কিছু সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে।

(Feed Source: zeenews.com)