8th Pay Commission: অষ্টম বেতম কমিশনের ত্রিমূতি কারা? রয়েছেন এক স্বনামধন্য বাঙালি অধ্যাপকও, তাঁদের হাতেই এবার…

8th Pay Commission: অষ্টম বেতম কমিশনের ত্রিমূতি কারা? রয়েছেন এক স্বনামধন্য বাঙালি অধ্যাপকও, তাঁদের হাতেই এবার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টম বেতম কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার (The Modi Government)। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কমিশনের সুপারিশে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। বেতন ও পেনশন নির্ধারণ করবেন তিন সদস্যের কমিশন। ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা করতে হবে বলেই জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

তিন সদস্যের কমিশন 

নতুন বেতন কাঠামোর ৩ কারিগরকে চেনেন? বিচারপতি-আইএএস অফিসারের সঙ্গেই রয়েছেন এক স্বনামধন্য বাঙালি অধ্যাপকও। এই কমিশনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। বাকি দুই সদস্য হলেন- আইএএস আধিকারিক পঙ্কজ জৈন এবং অধ্যাপক পুলক ঘোষ।

কে বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই?

রঞ্জনা দেশাই মুম্বইয়ের বাসিন্দা। তাঁর জন্ম ১৯৪৯ সালের ৩০ অক্টোবর। তিনি এলফিনস্টোন কলেজ থেকে বিএ পাশ করেছেন এবং মুম্বইয়ের সরকারি আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি বোম্বে হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ২০১১ থেকে ২৯ অক্টোবর ২০১৪ পর্যন্ত সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেন। বিচারপতি দেশাই ভারতের সীমানা নির্ধারণ কমিশন এবং ভারতের প্রেস কাউন্সিলেরও সভাপতিত্ব করেছেন। আইন ও প্রশাসনে তাঁর বিশাল অভিজ্ঞতা। তিনি কমিশনের সুপারিশগুলি সুষম এবং কার্যকর করার বিষয়টি নিশ্চিত করবেন বলেই আশা করা হচ্ছে। কর্মচারীরা আশাবাদী যে তাঁর নেতৃত্বে বেতন এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে।

কে আইএএস পঙ্কজ জৈন? 

পঙ্কজ জৈন আসাম-মেঘালয় ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক। এই কমিশনে তিনি সদস্য-সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।  পঙ্কজ বর্তমানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন এবং একজন যোগ্যতাসম্পন্ন খরচ হিসাবরক্ষকও। প্রশাসনিক পটভূমির কারণে তিনি সরকারি ব্যবস্থা সম্পর্কে দৃঢ় ধারণা রাখেন। সদস্য-সচিব হিসেবে তিনি কমিশনের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করবেন, প্রতিবেদন প্রস্তুত করবেন এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধন করবেন। ব্যয় হিসাবরক্ষণে তার দক্ষতা বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।

কে পুলক ঘোষ?

স্বনামধন্য বাঙালি অধ্যাপক পুলক ঘোষ। তিনি এই কমিশনের অস্থায়ী সদস্য। বর্তমানে পুলক আইআইএম বেঙ্গালুরুর চেয়ার প্রফেসর অফ এক্সেলেন্স। তাঁর বিশেষায়িত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রযুক্তি, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। পাশাপাশি অর্থ, উন্নয়ন নীতি এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে তার প্রভাব। কলকাতার স্নাতক পুলক পরবর্তীতে আমেরিকার জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয় ও ইমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ২০১৫ সালে পুলক একমাত্র শিক্ষাবিদ হিসেবে ভারতের সেরা দশ ‘ইনফ্লুয়েনশিয়াল অ্যানালিটিক্স লিডার্স’-এর তালিকায় স্থান পেয়েছিলেন। বিশ্বের শীর্ষ ৫ ভারতীয় ডেটা সায়েন্টিস্টের একজন পুলক। ঘোষণা আন্তর্জাতিক প্রযুক্তি পোর্টাল ‘টেক রাডার’-এর। বর্ণময় কেরিয়ারে পুলকের বিবিধ অভিজ্ঞতা। রাষ্ট্রপুঞ্জে বিগ ডেটা অ্যাডভাইসরি গ্রুপে যেমন কাজ করেছেন, তেমনই আবার ভারতের নীতি আয়োগের সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কর্নাটক নলেজ কমিশনের সদস্য ও বিগ ডেটা অফ গভর্নেন্স প্রকল্পের চেয়ারম্যান ছিলেন।

(Feed Source: zeenews.com)