Fire in Mall: বিধ্বংসী আগুনের গ্রাসে ভিড়েঠাসা মল, জীবন্ত দগ্ধ ৬ শিশু-সহ ২৩

Fire in Mall: বিধ্বংসী আগুনের গ্রাসে ভিড়েঠাসা মল, জীবন্ত দগ্ধ ৬ শিশু-সহ ২৩

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল মলের এক বিরাট অংশ। শনিবার মেক্সিকোর এক মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়েছেন ২৩ জন। এদের অনেকেই শিশু। আহত হয়েছেন ১১ জন। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে মেক্সিকোর সোনোরা প্রদেশের রাজধানী শহর হারমোসিলোতে।

সোনোরা প্রদেশের গভর্নর সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনওপর্যন্ত ২৩ জনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১১ জন। শহরের বিভিন্ন হাসপাতালে এদের চিকিত্সা চলছে। নিহতদের অনেকেই শিশু। মর্মান্তিক এই ঘটনায় গোটা শহর শোকাচ্ছন্ন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, নিহতদের মধ্যে ১২ জনই মহিলা, ৫ জন পুরুষ, ৪ জন বালক ও ২ জন বালিকা। এদের কেউ ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন, কেউ জীবন্ত দগ্ধ হয়েছেন। আগুন লাগে Waldo নামে ওই মলের ডিসকাউন্ট স্টোরে। আগুন লাগার পরপরই কাজে নেমে পড়ে দমকল। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে। তবে কোনও অন্তর্ঘাতের কথা উড়িয়ে দিয়েছে পুলিস।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেইনবুম। এক শোকবার্তায় তিনি লিখেছেন, আগুন পুড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের চিকিত্সার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। সোনারা প্রদেশের গভর্নরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। আহতদের সবরকম সহায়তা করা হবে।

(Feed Source: zeenews.com)