Salman Khan: ‘মিথ্যে কথা বলে যুবসমাজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন সলমান, আছে প্রমাণও’! দায়ের মামলা…

Salman Khan: ‘মিথ্যে কথা বলে যুবসমাজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন সলমান, আছে প্রমাণও’! দায়ের মামলা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য আইনি ঝামেলায় পড়েছেন জনপ্রিয় অভিনেতা সলমান খান (Salman Khan)। পণ্যটির বিজ্ঞাপনে ‘বিভ্রান্তিকর দাবি’ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোটা কনজিউমার কোর্টে (Kota Consumer Court) একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজস্থান হাইকোর্টের প্রবীণ আইনজীবী এবং বিজেপি নেতা ইন্দ্র মোহন সিং হনি এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর মূল অভিযোগ, রাজশ্রী পান মশলা প্রস্তুতকারী সংস্থা এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান খান পণ্যটিকে “জাফরান মিশ্রিত এলাচ” এবং “জাফরান মিশ্রিত পান মশলা” বলে প্রচার করছেন। আইনজীবী প্রশ্ন তুলেছেন, যে জাফরানের বাজারমূল্য প্রতি কিলোগ্রামে প্রায় ৪ লক্ষ টাকা, তা মাত্র ৫ টাকা দামের একটি পণ্যের উপাদান হিসেবে থাকা যৌক্তিক নয়। তিনি দাবি করেছেন, এই ধরনের বিজ্ঞাপনগুলি মানুষকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করছে।

যুব সমাজকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে সলমান খানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন যুব সমাজকে পান মশলা সেবনে উৎসাহিত করছে, যা ক্রমবর্ধমান ক্যানসারের অন্যতম কারণ।

অভিযোগকারী আইনজীবী ইন্দ্র মোহন সিং হনি সংবাদসংস্থা ANI-কে বলেন, “কোটা কনজিউমার কোর্টে আমরা এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং শুনানির জন্য নোটিস জারি করা হয়েছে। সলমান খান বহু মানুষের জন্য আদর্শ। বিদেশে তারকারা সফট ড্রিঙ্কসেরও প্রচার করেন না, সেখানে এ দেশের তারকারা তামাক ও পান মশলার প্রচার করছেন। আমি তাঁদের প্রতি আবেদন জানাই, তাঁরা যেন যুব সমাজের কাছে ভুল বার্তা না ছড়ান, কারণ পান মশলা মুখ ক্যানসারের অন্যতম প্রধান কারণ।”

কোটা কনজিউমার কোর্ট এই অভিযোগের ভিত্তিতে সলমান খান এবং প্রস্তুতকারী সংস্থার কাছে নোটিশ জারি করেছে এবং অফিসিয়াল জবাব চেয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে ২০২৫ সালের ২৭ নভেম্বর। বর্তমানে সংস্থা এবং অভিনেতার পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

(Feed Source: zeenews.com)