
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উড়ান পরিষেবায় বড়সড় বিপর্যয় (Flights Delayed)। দিল্লি বিমানবন্দরের (Delhi IGI Airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলে যান্ত্রিক ত্রুটির (Technical Glitch in ATC) কারণে দেশজুড়েই মুখ থুবড়ে পড়েছে বিমান পরিষেবা । অনেক দেরিতে চলছে বিমান। সেইসঙ্গে বহু বিমান বাতিলও করা হতে পারে (Flight Cancelled)। সমস্যা শুধু দিল্লি বিমানবন্দরে নয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ATC-তে সফটওয়্যার ত্রুটির কারণে বিভ্রাট দেখা দেওয়ায় মুম্বই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ বিমানবন্দরেও অপেক্ষারত যাত্রীদের লম্বা লাইন পড়েছে।
এই যান্ত্রিক বিভ্রাটের পিছনে রয়েছে অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এর ত্রুটি। যা ফ্লাইট ডেটা ট্রান্সমিশন করে থাকে। সেই AMSS কাজ না করায় ভারতের ব্যস্ততম এয়ার করিডোর, মুম্বই থেকে দিল্লি পর্যন্ত বিমান পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রসঙ্গত দেশের ব্যস্ততম বিমানবন্দর দিল্লি। দিল্লি বিমানবন্দর দিয়ে রোজ ১৫০০ বিমান ওড়ে। এখন ত্রুটির কারণে বিমানগুলি অনেক দেরিতে ছাড়ছে। সেইসঙ্গে বহু উড়ান বাতিলও করা হতে পারে। দিল্লিতে প্রায় ৩০০ বিমান দেরিতে চলছে। সূত্র জানিয়েছে, দিল্লি রানওয়েতে পার্কিংয়ের জায়গা না থাকার কারণে বিমান সংস্থাগুলি সন্ধ্যার কয়েকটি বিমান বাতিলও করতে পারে। লখনউ, জয়পুর, চণ্ডীগড় এবং অমৃতসর বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।
ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেটের মতো বিমান সংস্থাগুলি চেক-ইন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইনের কথা জানিয়েছে। ফ্লাইট স্ট্যাটাস চেক করে তবে বাড়ি থেকে বেরনোর জন্য যাত্রীদের সতর্ক করেছে। যদিও এখনও কোনও গণ উড়ান বাতিলের ঘোষণা করা হয়নি, তবে ক্রু সদস্যরা ক্রমবর্ধমান যাত্রীর ভিড় মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন। দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও বড় ধরনের ব্যাঘাত ঘটে। যার ফলে শত শত যাত্রী আটকা পড়েন। তবে এখনও কলকাতা বিমানবন্দরে কোনও বিভ্রাট বা পরিষেবা ব্যাহত হওয়ার কোনও খবর নেই।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এ সমস্যার শুরু। যা প্রভাব ফেলে অটোমেটিক টার্মিনাল ইনফরমেশন সিস্টেমে (ATIS)-এও। এই AMSS, অটো ট্র্যাক সিস্টেম (ATS)-কে ডেটা সরবরাহকারী মূল যোগাযোগ নেটওয়ার্ক। যার ভিত্তিতেই ফ্লাইট কন্ট্রোলাররা সমস্ত উড়ান পরিষেবা নিয়ন্ত্রণ করে থাকেন। এখন স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায়, ম্যানুয়ালি ফ্লাইট নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণেই উড়ান পরিষেবায় বিলম্ব ও দিল্লির আকাশসীমায় বিমান-জট।
(Feed Source: zeenews.com)
