Rishabh Pant Retires Hurt: বিরাট ধাক্কা ভারতীয় দলে, যন্ত্রণায় কাতরে মাঠ ছাড়লেন মহারথী, সামনেই যে ইডেন টেস্ট!

Rishabh Pant Retires Hurt: বিরাট ধাক্কা ভারতীয় দলে, যন্ত্রণায় কাতরে মাঠ ছাড়লেন মহারথী, সামনেই যে ইডেন টেস্ট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন, সিনিয়র জাতীয় নির্বাচক কমিটি, দিনতিনেক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে (India Announces Squad For South Africa Test Series)। টিমে সহ-অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ  (Rishabh Pant) ফিরেছেন। গত জুলাইয়ে ইংল্যান্ডে ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ের বুড়ো আঙুলের ভয়ংকর চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়েই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে মাঠে নেমে পড়েছেন বেঙ্গালুরুতে। কিন্তু চোট সারিয়ে ফিরেই আবার চোট পেলেন পন্থ!

পন্থের ফের চোট! 

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ভারত ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের তৃতীয় দিনের খেলা চলছে। অধিনায়ক পন্থ এদিন প্রোটিয়া পেসার শেপো মোরেকির লাগাতার শট বলের আক্রমণের মুখে পড়েছিলেন। শেপোরই এক ডেলিভারি উইকেটরক্ষক-ব্যাটারের বাঁ-হাতের কনুইয়ের উপর এসে সজোরে আঘাত হানে। যার ফলে পন্থ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। তাঁর চোখেমুখে দৃশ্যমান অস্বস্তি বুঝিয়ে দিয়েছিল যে, টিম ইন্ডিয়ার মহারথীর চোট কতটা ভয়ংকর!

বারবার চোটে জেরবার!

কেএল রাহুলের আউট হওয়ার পরই পন্থ তাঁর স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইলে ব্যাটিং চালু করে দিয়েছিলেন। ক্রিজে নেমেই আত্মবিশ্বাসের সঙ্গেই খেলা শুরু করেছিলেন। জোড়া বাউন্ডারি এবং এক ছক্কায় ছন্দে থাকার ইঙ্গিতই দেন। তবে মোরেকির একাধিক শর্ট বলে বারবার আঘাত পেয়ে পন্থের ক্রিজে থাকা রীতিমতো লড়াইয়ের কারণ হয়ে গিয়েছিল। পন্থ ব্যথায় কাতরাচ্ছিলেন এবং নিজের গ্লাভস খুলে ফেলেন। কিন্তু চিকিৎসার পর ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মোরেকি তাঁর তলপেটে বরাবর বেশ কয়েকটি ডেলিভারিতে আঘাত হানেন। যার ফলে ফিজিও তাঁকে তৃতীয়বারের মতো দেখতে যান। কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে আহত-অবসৃত হয়ে মাঠ ছাড়েন পন্থ। নাইটওয়াচম্যান কুলদীপ যাদব আউট হওয়ার পর, হর্ষ দুবে ব্যাট করতে আসেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের আগে তার ফিটনেস নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে।

সেই ব্রাত্যই শামি! 

টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ১৪ থেকে ১৮ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। দ্বিতীয় ম্যাচ ২২ থেকে ২৬ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। লাল বলের ক্রিকেটের পাট চুকিয়ে এরপর ভারত-দঃ আফ্রিকা সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হবে। রয়েছে ৩ ম্যাচের ওডিআই এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই। তবে ইডেন দেখবে না ‘ঘরের ছেলে’ শামিকে। রঞ্জি ট্রফিতে তিন ম্যাচে ১৫ উইকেট নেওয়ার পরও দলে ফেরা হল না বাংলার হয়ে খেলা জাতীয় দলের স্টার শামির। রঞ্জিতে কিন্তু দারুণ পারফর্ম করেছেন শামি। সম্প্রতি শামি রঞ্জি খেলার আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিয়েও মন্তব্য করেছিলেন। নির্বাচকদের মতে শামির ফিটনেস সমস্যা রয়েছে! যে কারণে তাঁকে দলে নেওয়া হল না!

ভারতের টেস্ট স্কোয়াড: শুভমন গিল (অধিনায়র), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ 

(Feed Source: zeenews.com)