
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ বা ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হতে পারে। আর এই আবহে চলে আসছে একের পর এক গরমাগরম আপডেট। একাধিক ফ্র্যাঞ্চাইজির ঘর ভাঙছে বলেই খবর। তবে চর্চায় এখন দুই ভারতীয় তারকা-সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা (Sanju Samson-Ravindra Jadeja Trade)!
স্যামসন-জাদেজা লেনদেন
আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড (লেনদেনের) হতে পারে এই বছরই। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই এক চুক্তিতে পৌঁছেছে, যা আনুষ্ঠানিক ভাবে শুধু নিশ্চিত হওয়ার অপেক্ষায়। রাজস্থানের নেতা সঞ্জু স্যামসনের রাজস্থান ছাড়ার গুঞ্জন বহুদিন ধরেই এবং এখন মনে করা হচ্ছে যে সঞ্জুর আইপিএল ট্রেন রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে ঢুকছে…
স্যামসনের বিরাট বাজার
দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মতো একাধিক ফ্র্যাঞ্চাইজির চাইছে কেরলের নায়ককে। তবে স্যামসন নিলামে না গিয়ে লেনদেনের পথেই হাঁটছেন! সূত্রের খবর, এমএস ধোনি নিজেই নাকি এই সিদ্ধান্তের জন্য চাপ দিয়েছেন! স্যামসন চেন্নাইয়ে আসলে, তাহলে আইপিএল ২০২৬ মরসুমে কত টাকা পাবেন? ২০২৫ সালে রাজস্থান ঠিক যে বেতন দিয়েছে স্যামসনকে, ঠিক সেই পরিমাণ বেতনই চেন্নাইও দেবে তাঁকে। যার মানে ১৮ কোটি টাকা পাবেন কেরলের ক্রিকেটার। স্যামসনকে দলে নিতে গেলে রাজস্থান রয়্যালসকে রবীন্দ্র জাদেজা (যার মূল্যও ১৮ কোটি টাকা) এবং স্যাম কারেন (যার মূল্য ২.৪ কোটি টাকা) দেবে। প্রথমে চেন্নাই কেবল নগদ অর্থের বিনিময়ে স্যামসনকে কিনতে চেয়েছিল। রাজস্থান তা প্রত্যাখ্যান করে খেলোয়াড়দের চেয়েছে।
স্যামসনের আইপিএলে দলবদল
২০১২ সালে স্যামসনকে কলকাতা নাইট রাইডার্স ৮ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু তখন একটিও ম্যাচ খেলেননি তিনি। পরের বছরই কলকাতা ছেড়ে রাজস্থানে চলে যান স্যামসন। ২ লক্ষ টাকা বেতন বাড়িয়ে ১০ লক্ষে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২০১৬ এবং ২০১৭ মরসুমে রাজস্থান আইপিএলে নির্বাসিত থাকায় স্যামসন খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (অধুনা দিল্লি ক্য়াপিটালস)! কলকাতায় ৮ লাখে আইপিএল শুরু করা স্যামসনের এখন বাজারদর ১৮ কোটি টাকা! কী অসাধারণ উত্থান তাঁর। যার মানে প্রায় ২২৫ গুণ বেড়েছে তাঁর দাম।
স্যামসনের আইপিএল কেরিয়ার
বিগত ১০ বছর আন্তর্জাতিক আঙিনায় কাটানো স্যামসন এখনও পর্যন্ত আইপিএলে খেলেছেন ১৭৭ ম্যাচ। করেছেন ৪৭০৪ রান। আছে ৩ সেঞ্চুরি ও ২৬ অর্ধ-শতরান। ব্যাটিং গড় ৩০.৯৫ ও স্ট্রাইক রেট ১৩৯.০৫। ক্যাচ নিয়েছেন ৮৬টি, স্টাম্পিং করেছেন ১৭ বার!
ধোনির জায়গায় স্যামসন!
জাদেজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি হয়তো সহজ হবে না, তবুও ধোনি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছেন বলেই জানা গিয়েছে। স্যামসনের আগমনের সঙ্গেই সিএসকে-র অনুসারী আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভক্তদের মধ্যে। মাঠে শান্ত এবং সংযত, স্যামসনের ধোনির মতোই নেতৃত্বের মেজাজ রয়েছে। যা সিএসকে-তে ক্লিক করে যেতে পারে। ধোনি যদি আগামী মরসুমের পরেই অবসর নেন, তাহলে তাঁর অনেক ভক্তই স্যামসনের দিকে তাঁদের সমর্থন সরিয়ে নেবেন বলেই মনে করা হচ্ছে। কেরালার এই তারকা খেলোয়াড় দুটি দুর্দান্ত ইনিংস খেললেই চেন্নাই সুপার কিংসের নতুন মুখ হয়ে যেতে পারেন রাজস্থান রয়্যালসের হয়ে ১১ট মরসুম খেলা স্যামসন এখন তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপের জন্য প্রস্তুত বলেই রিপোর্ট।
(Feed Source: zeenews.com)
