Delhi Red Fort Blast: স্কুল-শিক্ষকের ডাক্তার ছেলেই দিল্লির কালপ্রিট! গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি উমরের বাড়ি…

Delhi Red Fort Blast: স্কুল-শিক্ষকের ডাক্তার ছেলেই দিল্লির কালপ্রিট! গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি উমরের বাড়ি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ নভেম্বর সোমবার সন্ধ্যে দিল্লির লাল কেল্লার কাছে ভয়ংকর বিস্ফোরণে বেঘোরে প্রাণ হারান ১৩ জন। জানা যায়, সুইসাইড বোম্বার জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. উমর নবি (doctor Umar Nabi)। গত বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পারেন ডা. উমর নবি-ই চালাচ্ছিল ঘাতক i20!

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই উমরের জম্মু ও কাশ্মীরের বাড়িটি নিরাপত্তা বাহিনী একেবারে গুড়িয়ে দিয়েছে। ওই বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরকে সতর্ক অবস্থায় রেখেছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ফরেনসিক দল বাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্রমাণ সংগ্রহ করতে পারে।

উমরের দেহাংশের ডিএনএ পরীক্ষা:
উমরের মায়ের ডিএনএ নমুনা মঙ্গলবার সংগ্রহ করা হয় এবং পরীক্ষা জন্য পাঠানো হয়। পুলিস জানায়, ঘটনাস্থল থেকে উমরের দেহাংশের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হুবহু মিলে গিয়েছে। যা নিশ্চিত করে যে ডা. উমর নবি-ই হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের সময় চালাচ্ছিল। বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায়, তদন্তকারীরা ডা. উমর নবিকে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করলেও, এতদিন পর্যন্ত তার পরিচয় সম্পর্কে অনিশ্চিত ছিলেন। তদন্তকারীরা আরও জানিয়েছেন, ‘ফিঁদায়ে’ ডা. উমর নবি বিস্ফোরণের মাত্র ১১ দিন আগে হামলায় ব্যবহৃত সাদা হুন্ডাই i20 গাড়িটি কেনে।

পাশাপাশি, তদন্তকারীরা ডা. উমর নবির সঙ্গে ফরিদাবাদ, লখনউ এবং দক্ষিণ কাশ্মীরের মধ্যে গড়ে ওঠা জৈশ-এ-মোহম্মদের (জেইএম) একটি লজিস্টিক মডিউলের যোগসূত্রও খুঁজে পেয়েছেন। এই দলে ৯ থেকে ১০ জন সদস্য ছিল বলে অভিযোগ। যাদের মধ্যে ৫ থেকে ৬ জন চিকিৎসক। যারা তাদের মেডিক্যাল যোগ্যতাকে ব্যবহার করে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক এবং বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। প্রসঙ্গত, তদন্তে আগেই সামনে এসেছে যে ‘ফিদায়েঁ’ ডা. উমর নবি ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী চক্রের জন্য গ্রেফতার আল ফালাহ মেডিক্যাল কলেজেরই চিকিৎসক আদিল আহমেদ রাথের ও চিকিৎসক মুজাম্মিল শাকিলের খুব কাছের সহযোগী ছিল।

ফরিদাবাদের একটি গোডাউন থেকে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের পর ও ডা. আদিল এবং ডা. শাকিলের গ্রেফতারির পর আতঙ্কিত হয়ে পড়ে ডা. উমর নবি। পালিয়ে যায় ফরিদাবাদ থেকে। ৯ নভেম্বর থেকেই ডা. উমর নবি নিখোঁজ ছিল। ১০ নভেম্বর সন্ধ্য়ায় সে দিল্লিতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়।

কে এই উমর?
ডা. উমর নবি ভাটের ছেলে, ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজে ডাক্তার হিসেবে কাজ করত। তার মা, শামীমা বানু, মূলত পুলওয়ামার কয়ল গ্রামের বাসিন্দা। উমর ২৪ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। আরও জানা যায়, উমরের বাবা, একজন সরকারী স্কুল শিক্ষক যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ১০–১৫ বছর আগে চাকরি ছেড়েছিলেন। পরিবারে দুই ভাই ও এক বোন আছে; বোন এবং একজন ভাই বিবাহিত, অন্য ভাই অবিবাহিত। পুলিস উমরের দুই ভাই এবং মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

(Feed Source: zeenews.com)