
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড় (Bihar Election Result 2025)। বিহার মসনদের দখল নিতে চলেছে এনডিএ শিবির (NDA wins Bihar Assembly Election 2025)। দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। তবে মোদী-নীতীশ নন, বিহারের ভোটের সব নজর টানলেন এবার একজনই।
তিনি চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। রামবিলাস পাসওয়ানের ছেলে। এনডিএ-র অন্যতম শরিক লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) (Lok Janshakti Party Ram Vilas)। কঠোর দর কষাকষির পর বিহার বিধানসভা নির্বাচনে ২৯টি আসন পায় চিরাগের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। আর তারমধ্যে ১৯টিতেই জয় নিশ্চিত করে নিজের দক্ষতা প্রমাণ করলেন চিরাগ পাসোয়ান।
এই ভোটে বিহারে নিজেকে তরুণ তুর্কী নেতা হিসেবে প্রতিষ্ঠা করলেন চিরাগ পাসওয়ান। ২৯টির মধ্যে ১৯টি জয় নিশ্চিত করে চিরাগর স্ট্রাইক রেট ৬৫%। প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টি আসনেই জিতেছিল লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। ১০০% স্ট্রাইক রেট ছিল চিরাগের। কিন্তু ২০২০ সালের বিধানসভা নির্বাচনের পর প্রায় বাতিলের খাতাতেই চলে গিয়েছিল লোক জনশক্তি পার্টি দলটি। সেখান থেকে দলকে টেনে তোলেন চিরাগ পাসওয়ান। ২০২০ সালে জেডিইউ প্রধান নীতিশ কুমারের সঙ্গে মতবিরোধের কারণে একা লড়ে এলজেপি। ১৩০টিরও বেশি আসনের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করে। বিহারের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে বসেছিল প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল। সেখান থেকে শুরু হয় ছেলের ঘুরে দাঁড়ানোর লড়াই।
যদিও চিরাগের, তাঁর বাবা রাম বিলাস পাসওয়ানের মতো ক্যারিশমা ও রাজনৈতিক বুদ্ধি ছিল না। পাশাপাশি, চিরাগের জন্য পরিস্থিতি আরও খারাপ করে তোলে যখন ২০২১ সালে দলটি ভাগ হয়ে যায়। কাকা পশুপতি কুমার পরশও রাম বিলাস পাসোয়ানের উত্তরাধিকারী হিসেবে দাবি করে দলের মালিকানা পাওয়ার জন্য দর কষাকষি করেন। এরপরই ৪৩ বছর বয়সী তরুণ নেতা চিরাগ পাসওয়ান নিজেকে একজন যুব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। চিরাগ নিজেকে বলেন ‘যুব বিহারী’! দলিতদের স্বার্থ রক্ষাই তাঁর দলের মূলনীতি।
উল্লেখ্য, নির্বাচনের আগেই চিরাগ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি উপ-মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন। এখন দেখার এনডিএ ফের ক্ষমতায় আসার পর, নীতীশ কুমার যখন দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চিরাগ পাসওয়ান শপথ নেন কিনা! উত্তর দেবে সময়।
(Feed Source: zeenews.com)
