)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিংসার ভয়ংকর ছবি! মসজিদে আগুন! হিংসার চূড়ান্ত নিদর্শন। ইসরায়েলের ভয়ংকর ছবি। ওয়েস্ট ব্যাংক মসজিদের (set fire to West Bank mosque) ঘটনায় নিন্দার ঝড় সারা বিশ্বে। আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। ওই অঞ্চলে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে হিংসার মাত্রা অনবরত বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যেই আগুন দেওয়ার এই ঘটনা। বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে অবস্থিত সালফিত এলাকা সংলগ্ন দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেন।
স্প্রে-স্লোগান, আগুন, ধ্বংস
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে বর্ণবিদ্বেষী ও প্যালেস্টাইনবিরোধী স্লোগান লেখা হয়েছে। আগুনে মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পবিত্র কোরআনের কিছু কপিও পুড়িয়ে ফেলা হয়েছে। প্যালেস্টাইনের তরফে এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে করে নিন্দা করেছে। তারা বলেছে, এর মধ্য দিয়ে অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ডটিতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে বিবেচিত জায়গাগুলিতেও ইসরায়েলি বর্বরতার কথা সামনে এসেছে। গতকাল এক অভিযানের সময়ে ইসরায়েলি বাহিনী গুলি চালালে দুই প্যালেস্টাইনি শিশু নিহত হয়।
১৬৭টি হামলা
গত ১ অক্টোবর থেকে জলপাই চাষ কেন্দ্র করে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো কমপক্ষে ১৬৭টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় ১৫০ জনের বেশি প্যালেস্টাইনি আহত ও ৫৭০০টির বেশি গাছ নষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের আড়ালে পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৯ হাজারের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন।
রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণ
ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র দক্ষিণপন্থী সরকারের সদস্যরা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলি বলছে, ইসরায়েল এখনই পশ্চিম তীরকে কার্যত নিজেদের অংশ বলে বিবেচনা করছে এবং বর্ণবিদ্বেষী আচরণ চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর গত জুলাই মাসে সতর্ক করে বলেছিল, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মৌন সম্মতি, সমর্থন ও কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা হিংসা চালাচ্ছেন। বিভিন্ন হামলার মাধ্যমে সেখানে প্যালেস্টাইনিদের উপর বৈষম্য, দমনপীড়ন ও নিয়ন্ত্রণ আরও জোরাল করা হচ্ছে।
শুধু নিন্দা করা নয়
শুধু নিন্দা করা নয়, বরং দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলতি হিংস্রতার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনিরা। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা-সহ আরও কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরি করা।
(Feed Source: zeenews.com)
