Deep Fridge Trailer Launch: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’, সম্পর্কের হিমশীতলতা ছাড়াল আবেগের উষ্ণতা…

Deep Fridge Trailer Launch: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’, সম্পর্কের হিমশীতলতা ছাড়াল আবেগের উষ্ণতা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় পুরস্কারজয়ী বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’-এর (Deep Fridge) বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয়েছে শুক্রবার, ছবির অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতা দলের উপস্থিতিতে। অর্জুন দত্ত পরিচালিত ও কৃষ্ণ কেয়াল প্রযোজিত এই ছবিটি ইতিমধ্যেই গল্প বলার অনন্য ভঙ্গি এবং সিনেম্যাটিক নৈপুণ্যতার জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছে।

সদ্য প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে ছবির গভীর আবেগ, শক্তিশালী অভিনয় এবং চমৎকার সিনেমাটোগ্রাফি, যা দর্শকদের এক স্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি রাখে।
২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডিপ ফ্রিজ’, যা উপস্থাপন করছে কালারস অফ ড্রিম এন্টারটেইনমেন্ট।

ছবিতে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয়  অভিনেতা আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখার্জী, কৌশিক চট্টোপাধ্যায়, শোয়েব কবীর, আর্য দাসগুপ্ত, লক্ষ্ম্য ভট্টাচার্য্যসহ আরও অনেকে।

গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত। স্ক্রিনপ্লে লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। ডায়লগ লিখেছেন আশীর্বাদ মৈত্র, আত্মদীপ ভট্টাচার্য ও অর্জুন দত্ত। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সুপ্রতীম ভোল (WICA) এবং সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য রিত।

‘ডিপ ফ্রিজ’, এক গভীর, মানবিক, বাস্তবসম্মত সম্পর্কের টানাপোড়েনের গল্প। বিচ্ছেদের পর সম্পর্কের ভিতরে লুকিয়ে থাকা অপরাধবোধ, ভুল বোঝাবুঝি ও সামাজিক চাপ অনেক সময় মানুষকে নিজেদেরই শত্রু করে তোলে। এই ছবিতে স্বর্ণাভ ও মিলি, এই দুই চরিত্র ঠিক এমনই এক টানাপোড়নের শিকার।

বিবাহবিচ্ছেদের পর তাঁরা কি নিজেদের জীবনের নতুন অধ্যায়ে স্পষ্টতা এবং মুক্তি খুঁজে পাবেন? তাঁদের একমাত্র সন্তান টাটাই, তাঁর জন্য কি তৈরি করতে পারবেন অপরাধবোধহীন এবং এক ন্যায়সঙ্গত ভবিষ্যৎ? এই সব প্রশ্নের উত্তর জানতেই, চলতি মাসের ২১ তারিখ প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘ডিপ ফ্রিজ।’

(Feed Source: zeenews.com)