‘ভেবেছিলেন আমি খুব সস্তা?’ জোয়ার ভাঁটা টিমের ‘অনৈতিক কাজ’, বিস্ফোরক সাগরিকা রায়

‘ভেবেছিলেন আমি খুব সস্তা?’ জোয়ার ভাঁটা টিমের ‘অনৈতিক কাজ’, বিস্ফোরক সাগরিকা রায়

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা জোয়ার ভাঁটা। আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাস অভিনীত এই মেগা সিরিয়ালে ফুটে উঠছে দুই বোনের সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিশোধের গল্প। টিআরপি তালিকাতেও ভালো ফল করে আসছে এই সিরিয়াল। হঠাৎ করেই জোয়ার ভাঁটা নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সাগরিকা রায়। টেলিপাড়ার পরিচিত মুখ তিনি। এখন ব্লুজ প্রোডাকশনের একাধিক সিরিয়ালে একসাথে দেখা যাচ্ছে তাঁকে।

বেশ কয়েকদিন ধরেই জোয়ার ভাঁটা-র এপিসোডে দুই নায়িকা নিশা ও উজির মৃত মায়ের ছবি দেওয়ালে টাঙানো অবস্থায় দর্শকরা দেখতে পাচ্ছে। সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাগরিকা রায়কে। অথচ তিনি নাকি জানতেনই না এই সিরিয়ালে তাঁর কোনওরকম অনুমতি না নিয়েই ছবি ব্যবহার করছেন নির্মাতারা। যা সম্পূর্ণরূপে অনৈতিক।

ঘটনাটা প্রকাশে আসতেই অভিনেত্রী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। সাগরিকার সাফ কথা শিল্পীদের সম্মান নিয়ে বাড়তি সতর্কতা জরুরি টেলিপাড়ায়। তিনি নিয়মিত কাজ করেন, বিভিন্ন ধারাবাহিকে চরিত্রে অভিনয়ও করেন। তাই হঠাৎ করে মৃত মায়ের চরিত্রের ছবি হিসেবে তাঁর মুখ কেন না জানিয়ে ব্যবহার করা হচ্ছে– তাতে ক্ষুব্ধ তিনি। নবরসটকিসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এইকি ভেবেছিলেন আমি খুব সস্তা, প্রতিবাদ করতে পারব না? এটা যে কি ভেবে করলেন, আমি বুঝতে পারছি না।’

মনের কষ্ট প্রকাশ্যে এনে তিনি বলেন, ‘আমি তো মরে যায়নি যে না জিজ্ঞেস করেই ব্যবহার করা যায় আমার ছবি! আমি প্রতিনিয়ত কাজ করছি, আমাকে অন্য হাউজে আমি নিয়মিত কাজ করছি। সেই জায়গা থেকেই আমি মানুষ হিসাবে বা শিল্পী দাবি করতেই পারি, যদি বন্ধুত্বের জায়গা থেকে করতে আমার কিছু বলার থাকত না। আর তুমি তো আমার পরিচিত, এখানে দু-তিন জন কাজ করছেন তাঁরা আমার পরিচিত। তাঁরা মনে করেছেন এই ফেসটা ভালো লাগে। জোয়ার ভাঁটার দুই হিরোইনের মা হিসাবে আমাকে দেখানো হচ্ছে। যদি সেটা দেখানো হয় তা হলে তো আমাকে বলতে পারতো’।

সাগরিকা আরও বলেন, ‘এইভাবে শিল্পীদের সস্তা না করাই ভালো। শিল্পীরা যে কদিন কাজ করতে পারে সেই কদিনই দাম থাকে, সেই কদিনই প্রয়োজন। তারপর কেউ খেতে না পেলেও কেউ জিগ্গেস করে না।’

এই বিতর্কে জোয়ার ভাঁটার অনুরাগীরাও সাগরিকার পাশে দাঁড়িয়েছে। যদিও জি বাংলা কর্তৃপক্ষ বা টেন্ট সিনেমার তরফে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

(Feed Source: hindustantimes.com)