Talha Anjum controversy: জনপ্রিয় পাক-গায়ক কনসার্টে গায়ে জড়িয়ে নিলেন ভারতের পতাকা! প্রবল রোষের মুখে পড়েও বললেন, ফের করব…

Talha Anjum controversy: জনপ্রিয় পাক-গায়ক কনসার্টে গায়ে জড়িয়ে নিলেন ভারতের পতাকা! প্রবল রোষের মুখে পড়েও বললেন, ফের করব…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালে এক কনসার্টে ভারতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিপাকে পড়েছেন পাক র‌্যাপার তালহা অনজুম (Talha Anjum) । কাঠমান্ডুর ওই কনসার্টে তিনি তাঁর ডিস ট্র্যাক ‘কৌন তালহা’ (Kaun Talha) গেয়েছিলেন। ঠিক তখনই এক ভক্ত মঞ্চে ভারতীয় পতাকা ছুঁড়ে দেন। অনজুম সেটি মাঝ আকাশ থেকে ধরে নেন, ঘোরান এবং পরে কাঁধে জড়িয়ে নেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি মে মাসের চার দিনের যুদ্ধের পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ত। পহেলগাঁও সন্ত্রাস হামলায় ২৬ জনের মৃত্যু এবং তার পর ভারতীয় বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর জেরে পাকিস্তানে শিল্পী ও কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় আনজুমের ভারতীয় পতাকা জড়ানোর ঘটনাকে অনেক পাকিস্তানি নাগরিক ‘বেপরোয়া’ ও ‘উসকানিমূলক’ বলে সমালোচনা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভারতীয় ভক্তদের মন জিততেই তিনি এমন করেছেন। তবে কিছু মানুষ এই আচরণকে ‘ঐক্যের বার্তা’ হিসেবেও দেখছেন।

সমালোচনার জবাবে তালহা অনজুম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর হৃদয়ে বিদ্বেষের জায়গা নেই। শিল্পের কোনও সীমানা নেই। ‘ভারতীয় পতাকা তুললে যদি বিতর্ক হয়, হোক। আমি আবারও করব,’-এমনই মন্তব্য তাঁর। তিনি আরও লেখেন, মিডিয়া বা সরকার- কারও প্রচারে পাত্তা দেবেন না, কারণ উর্দু র‌্যাপ চিরকাল সীমাহীন।

কারাচি-ভিত্তিক হিপহপ জুটি ‘ইয়াং স্টানার্স’ (Young Stunners)-এর অন্যতম সদস্য তালহা অনজুম। ভারতীয় র‌্যাপার নেজি (Naezy aka Naved Shaikh)-এর সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয় ২০২৪ সালের মাঝামাঝি, যখন এক পডকাস্টে নেজিকে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করা হয়। নেজি তখন বলেন, ‘কে তালহা?’- যা অনজুম-এর অপমানজনক বলে মনে হয়। এর পরেই তিনি ‘কৌন তালহা’ নামে ৪.৫ মিনিটের একটি ডিস ট্র্যাক প্রকাশ করেন, যেখানে নিজের সাফল্য ও প্রভাব তুলে ধরেন।

বর্তমানে, ভারতীয় তেরঙ্গা জড়ানোর কারণে পাকিস্তানে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় অনজুমকে। এক্স হ্যান্ডেলে সৈয়দ এম সাদ আহসান তাঁর ভেরিফাইড হ্যান্ডল থেকে লিখেছেন, ‘তালহা অনজুমের দিকে এবার শুধু বোতল নয়, আরও অনেক কিছুই উড়ে আসবে।’

(Feed Source: zeenews.com)