)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উমরাহ হজ করতে গিয়ে সৌদি আরবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ ভারতীয় হজযাত্রীর। রবিবার গভীর রাতে মক্কা- মদিনা হাইওয়েতে দাঁড়িয়ে থাকা হাজিদের বাসে এসে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১৮ জন। অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি। এখন ওই মৃত ভারতীয়দের শেষকৃত্য হবে কোথায়? এনিয়ে কাটল ধোঁয়াশা।
সূত্রের খবর, মৃত ওইসব ভারতীয় হজযাত্রীদের দেহ ভারতে আনা হবে না। তাদের সমাধি হবে সৌদি আরবেই। মৃতদের অধিকাংশই তেলঙ্গানার বাসিন্দা। তেলঙ্গানা সরকার ঠিক করেছে শেষকৃত্যের অনুষ্ঠানে প্রতিটি পরিবার থেকে ২ জনকে সৌদিতে পাঠানো হবে।
কেন এমন ব্যবস্থা? সৌদি আরবের নিয়ম অনুযায়ী হজ যাত্রীদের মৃতদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সৌদির নিয়ম কানুন অত্যন্ত কড়া। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, মৃত হজযাত্রীদের শেষকৃত্য হবে মদিনায় নবি হজরত মহম্মদ(সা.) প্রতিষ্ঠিত কবরস্থান ‘জান্নাতুল বাকি’-তে। তবে এনিয়ে সরকারিভাবে কিছু শোনা যাচ্ছে না।
এদিকে দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ পাওয়াও খুব শক্ত। সৌদি আইন অনুযায়ী পথ দুর্ঘটনার ক্ষেত্রে সরাসরি কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় না। পুলিস যদি বলে যে মদিনার দুর্ঘটনার ক্ষেত্রে তেলবাহী ট্যাঙ্কারটিই দায়ী তাহলে ক্ষতিপূরণ পাবেন হাজিরা। তবে এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ।
কেন নিহত হাজিদের দেহ দেশে আনা যাচ্ছে তারও একটি আইনি জটিলতা রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হজ বা উমরাহ হজে যেতে গেলে হাজিদের একটি ঘোষণা দিতে হয়। সেটি হল সৌদিতে কোনও হাজির মৃত্যু হলে সেখানেই তাঁর শেষকৃত্য করতে হবে। কোনও পর্যটক মারা গেলে তার দেহ দেশে আনা যেতে পারে বা সৌদিতেই সমাধিস্থ করা যেতে পারে।
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে রবিবার গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে হজযাত্রীদের বাসটি। হজযাত্রীদের বাসটির একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। ঘুমন্ত অবস্থাতেই দগ্ধে মারা যান ৪২ যাত্রী। রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছে তেলাঙ্গানা সরকার।
(Feed Source: zeenews.com)
