Water Dispute Turns Deadly: কার বালতি, কে নেয়? শুকনো মহরাষ্ট্রে জলের জন্য প্রতিবেশীর মুখে মশা মারার হিট স্প্রে করল মহিলা! সঙ্গে সঙ্গে মৃত্যু…

Water Dispute Turns Deadly: কার বালতি, কে নেয়? শুকনো মহরাষ্ট্রে জলের জন্য প্রতিবেশীর মুখে মশা মারার হিট স্প্রে করল মহিলা! সঙ্গে সঙ্গে মৃত্যু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। মঙ্গলবার গভীর রাতে বসাই-ভিরারের জেপি নগরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৫৭ বছর বয়সী উমেশ পাওয়ার নামক এক ব্যক্তির মুখে মশা মারার স্প্রে ছিটকে দেওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং পরে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত ৪৬ বছর বয়সী কুন্দা তুপেকর কে গ্রেফতার করেছে আর্নালা সাগরি পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১.৩০টা নাগাদ, জেপি নগরের বিল্ডিং নম্বর ১৫-এ। উমেশ পাওয়ার ও কুন্দা তুপেকরের মধ্যে জল সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই রাতেও দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। হঠাৎই উত্তেজিত হয়ে কুন্দা  উমেশের মুখে মশা মারার স্প্রে ছিটিয়ে দেয় । মুহূর্তেই উমেশ অজ্ঞান হয়ে পড়েন।
তারপর,অজ্ঞান অবস্থায় উমেশকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, স্প্রের বিষক্রিয়ায় তাঁর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।

আর্নালা সাগরি থানার পুলিশ কুন্দা তুপেকরের বিরুদ্ধে মামলা করেছে । তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই প্রতিবেশীর মধ্যে জল সংগ্রহ নিয়ে প্রায়ই ঝামেলা হত, এবং স্থানীয় বাসিন্দারাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

এই ঘটনা বসাই-ভিরারের জল সংকট ও নাগরিক পরিকাঠামোর দুর্বলতার দিকটি ফের সামনে এনে দিল। জেপি নগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় জল সংগ্রহ নিয়ে প্রায়ই বিবাদ হয়, এবং প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধান না আসায় উত্তেজনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘উমেশ খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। জল নিয়ে ঝামেলা হলেও কখনও কাউকে আঘাত করেননি। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’ অনেকে প্রশাসনের কাছে জল সরবরাহের সুষ্ঠ ব্যবস্থার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

(Feed Source: zeenews.com)