
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু ধর্মে (Hindu) কালী আরাধনার (Kali Puja 2025) বিশেষ গুরুত্ব। আবার শনির গুরুত্বও প্রবল। হিন্দু ধর্মে কিছু দেবদেবীর একত্রে পুজোর রীতি রয়েছে। শনি ও কালীর বিষয়টাও তেমনই। শনিদেবের (Lord Shani) সঙ্গে কালীরও (Goddess Kali) পুজো করা হয়। এজন্যই শনিমন্দিরে থাকে দেবী কালীর মূর্তি। কিন্তু এর আসল কারণ জানেন?
রুষ্ট শনি
শনিকে আমরা সবাই রাগী দেবতা হিসেবে জানি। তাঁর পুজো করতে গিয়ে অনেকেই খুব ভয় পান। যদি শনির উপাসনায় কোনও ভুল ঘটে? তাতে রুষ্ট হবেন শনিদেব। এর জেরে জীবনে ফলতে পারে অশুভ ফল।
কালীর ‘বেড়া’
যা প্রতিহত করার জন্য শনিদেবের সঙ্গে দক্ষিণা কালীর পুজো করা হয়। বিশ্বাস, শনির রোষ থেকে ভক্তকে রক্ষা করতে পারেন একমাত্র কালী। আসলে এর শাস্ত্রীয় ব্যাখ্যা যে সকলে খুব জানেন, তা নয়। এক্ষেত্রে সকলেই প্রচলিত নিয়মকেই অনুসরণ করে। মূলত লোকবিশ্বাসের ওপর ভিত্তি করেই শনিমন্দিরে দক্ষিণা কালী পূজা করা হয়। জীবনের সব ধরনের দুঃখ-কষ্ট, ভয় এবং অমঙ্গল দূর করে সাফল্য এবং শান্তি লাভই শনিমন্দিরে দক্ষিণা কালী পুজোর মূল উদ্দেশ্য।
শনি-কালীর আধ্যাত্মিক সম্পর্ক
শোনা যায়, শনি দেব এবং দেবী কালীর মধ্যে একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। শনি ন্যায়ের প্রতীক, কর্মফলদাতা, কালী স্বয়ং সময়। তিনি ধ্বংস ও পুনর্জন্মের কারণ। এই দুই দেবতার যোগে অশুভ প্রভাব দূর হয়, শুভ ফল আসে। দক্ষিণা কালী রূপে দেবী অশুভ শক্তিকে দমন করেন। শনি গ্রহের অশুভ প্রভাব, যেমন শনির সাড়ে সাতি বা শনির মহাদশা, কাটিয়ে উঠতে দক্ষিণা কালীর পুজোই অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। শনির কুদৃষ্টি কাটাতে কালী পূজা করা হয়। দেবী কালী সমস্ত ভয় ও দুর্ভোগ নিবারণ করেন। দক্ষিণা কালী অন্ধকার, কষ্ট, এবং দুঃসময় থেকে মুক্তি দেন। সোজা কথা, যাঁরা শনির প্রভাবে কষ্ট ভোগ করছেন, তাঁরা কালী পূজা করলে শনির ক্রোধ প্রশমিত করতে পারবেন।
(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)
(Feed Source: zeenews.com)
