গুয়াহাটিতে গিয়ে পাল্টি! গম্ভীরের সহকারীকে ফোন ইডেনের কিউরেটরের, কী কথা হল দুজনের?

গুয়াহাটিতে গিয়ে পাল্টি! গম্ভীরের সহকারীকে ফোন ইডেনের কিউরেটরের, কী কথা হল দুজনের?

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর সব দায় নিজের ওপর নিয়েছিলেন। বলেছিলেন, তাঁদের ইচ্ছেতেই এই ধরনের পিচ দেওয়া হয়েছে। যেখানে বল বন বন করে ঘুরবে। দলের দাবিমতোই পিচ তৈরি করেছিলেন কিউরেটর। ইডেনের কিউরেটর সবরকম সহযোগিতা করেছেন বলেও দাবি করেছিলেন গুরু গম্ভীর।

সকলে ভেবেছিলেন, ইডেন গার্ডেন্সে স্পিনিং ট্র্যাক বানানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানেই তার ইতি পড়বে। যে কিউরেটরেক মুণ্ডপাত করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, সেই সুজন মুখোপাধ্যায়ও যেন কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ইডেনে পিচের নামে খোঁয়াড় যে তিনি নিজের ইচ্ছেয় বানাননি, বরং দলের খবরদারিতে তৈরি হয়েছিল বাইশ গজ, গম্ভীরের স্বীকারোক্তির পর তা অনেকটাই পরিষ্কার হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের কাছেও।

কিন্তু দ্বিতীয় টেস্ট খেলতে গুয়াহাটি গিয়ে ফের পাল্টি ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের। গম্ভীরের সহকারী সীতাংশু কোটাক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁদের ইচ্ছায় নয়, ইডেনের পিচ তৈরি হয়েছিল কিউরেটরের মর্জিতে। তাঁরা ঘূর্ণি পিচের জন্য কোনও আব্দার করেননি বলেও দাবি করেন সীতাংশু কোটাক।

গম্ভীরের সহকারীর কথা যে ভালভাবে নেননি সুজন, বলার অপেক্ষা রাখে না। আর তাই সটান ফোন করেন সীতাংশু কোটাককে। জানতে চান, কেন এরকম বলেছেন সংবাদমাধ্যমের সকলের সামনে?

শোনা গেল, সুজনের ফোন পেয়ে স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন সীতাংশু। কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি নাকি সুজনকে বলেন, ‘দাদা ওটা অন্যভাবে বলেছিলাম।’ শোনা গেল, কিউরেটর তথা প্রাক্তন ক্রিকেটার সুজনও অবশ্য মজাই করেছেন সীতাংশুর সঙ্গে। ফোনে কুশল বিনিময় হয়েছে দুজনের। যদিও ইডেনের পিচ নিয়ে দায় ঠেলাঠেলিতে তাঁর দিকে আঙুল উঠলে তিনি যে কোনওভাবে মেনে নেবেন না, সেটা ভারতীয় শিবিরকেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন সুজন।

গুয়াহাটিতে সীতাংশু বলেন, ‘গম্ভীর চাইনি পিচ প্রস্তুতকারকদের ওপর দোষ পড়ুক। এই সমস্ত দায় তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সে জন্যই। ভারতে খেলা হলে আমরা স্পিনারদের ওপর বিশেষভাবে নির্ভর করি। কারণ স্পিন আমাদের শক্তি। আমাদের লক্ষ্য থাকে স্পিনের সাহায্যে চার দিন সাড়ে চার দিনের মধ্যে ম্যাচ জিতব এবং পেসাররা প্রথম দুদিন সুবিধা পাবে।’

সীতাংশুর সেই মন্তব্য যে মুখ বুজে হজম করবেন না, তার ইঙ্গিত দিয়েছেন সুজন।

(Feed Source: abplive.com)