জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্মৃতি মন্ধানা কৌন বনেগা ক্রোড়পতি-র বিশেষ পর্বের শুটিংয়ে হাজির হতে পারেননি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের উদযাপনে, এই বিশেষ এপিসোডে দলের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন, তবে অনুপস্থিত ছিলেন ভাইস-ক্যাপ্টেন স্মৃতি।
এক প্রতিবেদনে জানা গেছে, ব্যক্তিগত কারণে তিনি শেষ মুহূর্তে শুটিং থেকে সরে দাঁড়ান। অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় এই শো-তে এটি হতে পারত তাঁর তৃতীয় উপস্থিতি।
সম্প্রতি স্মৃতির বিয়ের অনুষ্ঠান ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মাঝেই এ অনুপস্থিতি। সাংলিতে স্মৃতির বিয়ের হালদি, মেহেন্দি, সঙ্গীত সবই হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাঁর বাবা শ্রীনিবাস মন্ধানা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, আর সেখানেই থেমে যায় সমস্ত বিয়ের আয়োজন। পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত প্রি-ওয়েডিং ছবি সরিয়ে দেন, যদিও পুরনো পোস্টগুলি রয়ে গেছে এখনও। ভাইরাল হয়েছে পলাশের কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট, উঠছে প্রতারণার অভিযোগ।
পলাশ মুচ্ছালের মা অমিতা মুছাল এক সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন, ‘স্মৃতির বাবর অসুস্থতার খবর পেয়ে, পলাশই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের বাবার মতোই ঘনিষ্ঠ মানুষকে অসুস্থ দেখে পলাশ ভেঙে পড়ে এবং মানসিক চাপে তাঁকেও কিছু সময়ের জন্য মেডিক্যাল পর্যবেক্ষণে রাখতে হয়।’ তাঁর বোন, গায়িকা পালক মুচ্ছাল, হাসপাতালে গিয়ে তাঁর ভাইকে দেখে আসেন।
এদিকে স্মৃতি উপস্থিত না থাকলেও, কেবিসি সেটে হাজির ছিলেন নারী বিশ্বকাপজয়ী দলের তারকা খেলোয়াড়েরা-ক্যাপ্টেন হারমানপ্রিত কউর, হরলিন দিওল, ঋতিকা ঘোষ, শেফালি ভর্মা, টুর্নামেন্টের সেরা দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং কোচ অমোল মুজুমদার। সেটে পৌঁছানোর ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা বিশেষ এপিসোডটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্মৃতির এই অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে নেটপাড়ায়।
(Feed Source: zeenews.com)
