)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) অনেকগুলি দিন অতিবাহিত। নতুন নতুন তথ্য ফাঁস হয়েই চলেছে। এদিকে পাশাপাশি যেন পাল্লা দিয়ে ঘটে চলেছে অন্য অনেক বিমান দুর্ঘটনা বা বিপত্তি। এবার ধোঁয়া-বিভ্রাট। দিল্লি থেকে আমদাবাদগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মিথ্যা ধোঁয়ার অ্যালার্মের (Fake Smoke Alarm) কারণে ফিরে এল! সত্যিই? জানুন আসলে কী ঘটেছিল।
বাজল ধোঁয়ার অ্যালার্ম
দিল্লি থেকে আমদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ওড়ার কিছুক্ষণ পরেই ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফিরে আসে। এটি ফিরে এল, কারণ ফ্লাইটে লাগানো স্মোক ইন্ডিকেটর বা ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বেজে উঠেছিল বলে। তবে, পরে তদন্ত করে জানা যায়, এটি একটি মিথ্যা অ্যালার্ম ছিল। দিল্লি থেকে আমদাবাদগামী ফ্লাইটটির নম্বর ছিল AI2939।
ভুল
ফ্লাইটে হঠাৎ ধোঁয়ার অ্যালার্ম কাণ্ডে এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৭ নভেম্বর দিল্লি থেকে আমদাবাদ যাওয়ার ফ্লাইট AI2939-এর ক্রু সদস্যরা ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন। কারণ, ধোঁয়া শনাক্তকারী অ্যালার্মটি বেজে ওঠে। পরে, ফ্লাইটটি সম্পূর্ণরূপে পরীক্ষা করা হয়। এবং জানা যায় যে, এটি একটি ভুল অ্যালার্ম ছিল।
দিল্লিতে নিরাপদে অবতরণ
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে এবং যাত্রী ও ক্রু সদস্যদেরও নিরাপদে নামিয়ে আনা হয়। এয়ারলাইন আরও জানিয়েছে যে, দিল্লিতে অবতরণের পরে, সমস্ত যাত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। তাঁদের আমদাবাদে পাঠানোর জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়।
এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লিতে তাদের গ্রাউন্ড স্টাফ যাত্রীদের সঙ্গে সঙ্গে সাহায্য করেছেন। এবং তাঁদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়াও হয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে হওয়া যেকোনো ধরনের অসুবিধার জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
(Feed Source: zeenews.com)
