রাজীব চক্রবর্তী: SIR-র আবহে বড় পদক্ষেপ। যেদিন দিল্লিতে গিয়ে নালিশ জানিয়ে এল তৃণমূল, সেদিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নিয়োগ করা হল স্পেশাল রোল অবজারভার। বাংলায় SIR-র যে তালিকা তৈরি করা হবে, শুধুমাত্র সেই তালিকা খতিয়ে দেখবেন স্পেশাল রোল অবজারভার। সঙ্গে অবশ্য় থাকছেন ১২ IAS পদমর্যাদার আধিকারিকও। সূত্রে খবর তেমনই।
প্রাণান্তকর অবস্থা! রাজ্যে SIR-র কাজের চাপে অসুস্থ পড়ছেন BLO-রা। এমনকী, মৃত্য়ু ও আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমনই যে, BLO অধিকার রক্ষা কমিটি তৈরি করে শুরু হয়ে গিয়েছে আন্দোলনও। যে আন্দোলনে আঁচ পৌঁছে গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও। সোমবার রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরের সামনে ধরনায় বসেছিলেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের দপ্তরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেকারণেই দফতরটি অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য় পুলিসের ডিডি ও কলকাতার পুলিস কমিশনারকে BLO-দের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।
এর আগে, সকালে দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদের প্রতিনিধিদল। বাংলার SIR নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছেন তারা। কমিশন সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদলকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘আপনারা বিএলওদের ভয় দেখাবেন না। কাজে বাধা দেবেন না। শুধুমাত্র নাগরিক রাই যাতে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতেই এসআইআর করছে নির্বাচন কমিশন’।
(Feed Source: zeenews.com)
