Flight Cancellation: দেশজুড়ে বিমান পরিষেবায় বড়সড় বিপর্যয়! বাতিলের মুখে বহু ফ্লাইট…

Flight Cancellation: দেশজুড়ে বিমান পরিষেবায় বড়সড় বিপর্যয়! বাতিলের মুখে বহু ফ্লাইট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌর বিকিরণের (Solar Radiation) জেরে দেশজুড়ে বিমান পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে চলেছে। বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাসের (Airbus) দেওয়া কড়া সতর্কতার পর ভারতের তিন প্রধান বিমান সংস্থা –এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (Indigo) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)– তাদের বহু বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়া, সময় পরিবর্তন করা বা এমনকি বাতিল করার ঘোষণা করেছে। সম্ভাব্য সমস্যার কথা জানিয়ে সংস্থাগুলি আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে।

পিটিআই সূত্রে খবর, দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল নিয়ন্ত্রণে আগামী কয়েক দিন ব্যাপক গোলমালের সম্ভাবনা রয়েছে। কারণ, ভারতে সক্রিয় প্রায় ৫৬০টি এয়ারবাস A320 ফ্যামিলি-জেটের মধ্যে অন্তত ২০০ থেকে ২৫০টি বিমানে বিশেষজ্ঞদের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে এয়ারবাস জানিয়েছে, তাদের A320-ফ্যামিলি জেটগুলিতে ব্যবহৃত বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার তথ্য সৌর বিকিরণের কারণে নষ্ট হয়ে যেতে পারে। বিশেষত, তাদের নিয়ন্ত্রক ব্যবস্থা এলিভেটর এইলেরন কম্পিউটারে এই সমস্যা দেখা দিচ্ছে।

এই ধরনের সমস্যার কারণে সম্প্রতি বিদেশে এয়ারবাসের একটি বিমানকে জরুরি ভিত্তিতে নামিয়ে দিতে হয়েছিল। এর পরই সংস্থাগুলি কঠোর সতর্কতা জারি করে। এয়ারবাসের নির্দেশ, সমস্যা এড়াতে সংশ্লিষ্ট বিমানগুলিকে অবিলম্বে পরীক্ষার জন্য পাঠাতে হবে। বিমানের সফ্‌টঅয়্যার আপডেট এবং হার্ডওয়্যারের রিফিগারেশন করার পরেই বিমানগুলি আবার উড়তে পারবে।

ভারতের উল্লিখিত তিন সংস্থা তাদের উড়ানের জন্য অধিকাংশ ক্ষেত্রেই এয়ারবাসের বিমান ব্যবহার করে। এতগুলি বিমান একসঙ্গে পরীক্ষার জন্য পাঠানো হলে অভ্যন্তরীণ বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত হতে পারে।

পিটিআই সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ধরনের ৩১টি বিমান ব্যবহার করে থাকে। তবে ইন্ডিগো এবং মূল এয়ার ইন্ডিয়ার ঠিক কতগুলি বিমান এই তালিকায় পড়ছে, তা সংস্থাগুলি নিশ্চিত করেনি। আগামী দিনগুলিতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও এই সংস্থাগুলির পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন হাজার হাজার যাত্রী।

(Feed Source: zeenews.com)